২০২৫ আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে পাঞ্জাব। লিগ পর্বে দাপট দেখিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে শেষ করে দলটি। সেই ধারাবাহিকতা প্লে-অফেও ধরে রাখলেও ফাইনালে এসে হোঁচট খেতে হয় তাদের। এর ফলেই শিরোপা বঞ্চিত হয় দলটি। নতুন আসরে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী সবাই, এমনটাই জানিয়েছেন শশাঙ্ক।
জিওস্টার প্রেস রুম অনুষ্ঠানে কথা বলতে গিয়ে শশাঙ্ক বলেন, 'আমি জানি ৩১ মে আমরা চিন্নাস্বামীতে খেলব এবং ট্রফি জিতব। এটা শুধু অনুভূতি না, আমি জানি এটা হবে। এটা আমাদের আত্মবিশ্বাস এবং দলের বিশ্বাস। সবাই একই লক্ষ্য নিয়ে এগোচ্ছে। সবার মধ্যে আত্মবিশ্বাস আছে।'
নিজেদের পরিকল্পনা নিয়ে শশাঙ্ক যোগ করেন, 'আমরা ম্যাচ ধরে ধরে এগোব, কারণ শেষ লক্ষ্য ট্রফি জেতা। যদি আমরা ভাবি যে গত বছর ফাইনালে উঠেছিলাম, তাহলে আমাদের ওপর চাপ তৈরি হবে। তাই আমাদের তাৎক্ষণিক লক্ষ্য হলো প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নেয়া, এরপর চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ।'
আইপিএলের দশ দলের প্রতিটিরই লক্ষ্য থাকে ফাইনালে ওঠা ও শিরোপা জেতার। তবে পাঞ্জাবের লক্ষ্য একটি করে ম্যাচে মনোযোগ ধরে রাখা। বিশেষ করে আগের আসরের ভুলগুলো শুধরে নেয়ার দিকেই বড় মনোযোগ আইপিএলের তারকাবহুল এই দলটির। গতবারের চেয়ে তারা আরও ভালোভাবে প্রস্তুত বলেও জানিয়েছেন শশাঙ্ক।
তিনি যোগ করেন, 'ফাইনাল খেলা এবং জেতাই চূড়ান্ত লক্ষ্য। কিন্তু আমাদের প্রতিটি ম্যাচে মনোযোগ দিতে হবে, ভুলগুলো শুধরে নিতে হবে, তাহলে কাজটা সহজ হবে। আমরা খুবই মোটিভেটেড এবং উত্তেজিত, কারণ আমরা একই দল। গতবারের চেয়ে এবার আমরা আরও ভালোভাবে প্রস্তুত।'