বিরতি নেয়ার কারণেই ‘শক্তভাবে’ ফিরতে পেরেছেন পৃথ্বী

আইপিএল
পৃথ্বী শ, ফাইল ফটো
পৃথ্বী শ, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বয়সভিত্তিক পর্যায় থেকেই পৃথ্বী শ'কে বলা হতো ভারতের পরবর্তী ব্যাটিং স্তম্ভ। কিন্তু দারুণ অভিষেকের পর মাত্র ১২ ম্যাচেই তার আন্তর্জাতিক ক্যারিয়ার থেমে যায়। দল পাননি গত আইপিএলেও। এক বছর বিরতির পর পৃথ্বী ফিরেছেন নিজের পুরোনো দল দিল্লি ক্যাপিটালসে। ২০২৪ আইপিএলের মাঝপথে দল থেকে বাদ পড়ার পর ক্রিকেট থেকে নেয়া বিরতি তাকে দারুণভাবে সাহায্য করেছে বলে দাবী পৃথ্বী'র।

২০১৮ সালে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতার পরপরই ভারতের জার্সিতে অভিষেক হয় পৃথ্বীর। মাত্র ১৮ বছর বয়সে অভিষেকেই টেস্ট সেঞ্চুরি করে হৈচৈ ফেলে দেন। কিন্তু এরপরই ঘটে ছন্দপতন। তিন ফরম্যাটেই অভিষেক হলেও বেশিদিন আন্তর্জাতিক ক্যারিয়ার টানতে পারেননি তিনি। ব্রাত্য হয়ে যান আইপিএলসহ ভারতের ঘরোয়া ক্রিকেটেও। ২০২৩ ও ২০২৪ আইপিএলে বাজে পারফরম্যান্সের কারণে ২০২৫ আইপিএলের মেগা নিলামেও তার প্রতি আগ্রহ দেখায়নি কেউ।

যদিও পৃথ্বীর প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজির আগ্রহ না দেখানোটাই স্বাভাবিক ছিলো। আগের দুই আসরে ১৬ ইনিংসে মোটে ৩০৪ রান করেছিলেন এই ওপেনার। আইপিএলে দল না পাওয়াটাই যেন 'শাপে বর' হয়েছিলো তার জন্য। সাময়িক বিরতির পর ক্রিকেটে ফিরেই নিয়মিত পারফর্ম করেন তিনি। রঞ্জি ট্রফি, সৈয়দ মুশতাক আলি ট্রফি, বিজয় হাজারে ট্রফিসহ ধরণের টুর্নামেন্টেই নিজেকে মেলে ধরেছেন তিনি।

সাময়িক বিরতির ব্যাপারে পৃথ্বী বলেন, 'আমি আমার জীবনটা বেশ উপভোগ করেছি। মনটা একটু সতেজ করার জন্য কয়েকটি জায়গায় ঘুরতে গিয়েছিলাম। তারপর ফিরে এসে একই রুটিন অনুসরণ করেছি। অনুশীলন করেছি, কঠোর পরিশ্রমও করেছি। ট্রেনিং বা ব্যাটিং, যা করতাম, তা তিনগুণ বেশি করে শুরু করি। আমার মনে হয়, এই বিরতিটা আমার জন্য খুব ভালো ছিল। আমি বলতে পারি না যে আমি এক ধাপ পিছিয়ে গেলাম এই বিরতির কারণে। নিজেকে মানসিকভাবে শক্ত করতে এই বিরতিটা আমার দরকার ছিল।'

ক্যারিয়ারের শুরুতে করা ভুল গুলো এই পর্যায়ে এসে উপলব্ধি করতে পারছেন বলেও স্বীকার করে নেন তিনি, 'আমি একজন মানুষ; আমি ভুল করবই। বাইরে যা লেখা বা বলা হয়, তারা আসলে অর্ধেকটাই জানে। আমার পরিবার আমাকে চেনে। আমার বন্ধুরা আমার সবকিছু জানে। সামাজিক যোগাযোগ মাধ্যম বা পত্রিকায় যখনই ভালো বা খারাপ কিছু আসত, তখন আমি খুবই ছোট ছিলাম। প্রতিবার এসব দেখলে আপনি আবারও সেগুলোর দিকে আকৃষ্ট হন। তাই আমি সেগুলো দেখা বন্ধ করে দিয়েছি।'

খারাপ সময়কে পেছনে ফেলে ধীরে ধীরে নিজের সেরা ছন্দে ফিরছেন পৃথ্বী। লাল বলে রঞ্জি ট্রফিতে রান বন্যা বইয়ে দেবার পর ওয়ানডে ফরম্যাটের বিজয় হাজারে ট্রফিতে ব্যাট হাতে ৪৭ বছরের বিশ্বরেকর্ড ভেঙেছেন এই ওপেনার। ওপেনিংয়ে নেমে ১৫২ বলে ২২৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে পৃথ্বী জানান দিয়েছেন আইপিএলের জন্যও সেরা প্রস্তুতিটাই নিচ্ছেন তিনি। দিল্লী দলের ওপেনিংয়ে লোকেশ রাহুলের সঙ্গী হতে লড়াই করতে হবে পাথুম নিশাঙ্কা ও অভিষেক পোরেলের সাথে।

আরো পড়ুন: