বিরাট কোহলি পরবর্তী যুগে ভারতের ব্যাটিংয়ের সবচেয়ে বড় ভরসা মনে করা হয় গিলকে। গত বছর লাল বলে ভারতের অধিনায়কের দায়িত্ব পেলেও, তীব্র প্রতিযোগিতাপূর্ণ টি-টোয়েন্টি দলে নিজের জায়গা ধরে রাখতে পারছেন না তিনি। যদিও আইপিএলে বছর পাঁচেক ধরে সবচেয়ে ধারাবাহিক ব্যাটার তিনি। ২০২৩ আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক হবার পাশাপাশি গত ছয় আসরের প্রতিটিতে চার শতাধিক রান তুলেছেন এই ওপেনার।
আইপিএলে নিজের ঘরের মাঠ আহমেদাবাদে আরো বেশি ভয়ংকর গিল। এই মাঠে ২৫ ম্যাচ খেলে গিলের গড় অবিশ্বাস্য, ৫২.৫৯। সব মিলিয়ে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১৬২ স্ট্রাইকরেটে এক হাজার ১৫৭ রান সংগ্রহ এই ওপেনারের। এবারের আসর শুরুর আগেও গুজরাটের অন্যতম বড় ভরসা এই ব্যাটার। সেই সাথে টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তনের লক্ষ্য থাকায় এবারে গিলের আরো অপ্রতিরোধ্য হবার সম্ভাবনা দেখছেন অশ্বিন।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, 'আহমেদাবাদে তাকে আউট করা এখন বেশ কঠিন। সে যেন একরকম ‘ডন’-এ পরিণত হয়েছে। গিলের দুশ্চিন্তার কিছু নেই। আমি তার জায়গায় থাকলে নিজেকে বলতাম, আবারও মাঠে নেমে প্রচুর রান করো। ধারাবাহিকভাবে বেশি বেশি রান করাই নিজের অবস্থান শক্ত রাখার সবচেয়ে ভালো উপায়। আমার বিশ্বাস, গুজরাট টাইটান্সের হয়ে গিলই সেরা ব্যাটার হবেন।'
ভারতের টি-টোয়েন্টি দলে ফিরতে নিজের সবটুকু উজাড় করে দেবেন গিল এমনটাই বিশ্বাস অশ্বিনের, 'গিল, সুদর্শন এবং বাটলারের এই টপ-থ্রিতে গিল এই মৌসুমে দারুণ রান ক্ষুধা নিয়ে নামবে। আমরা আবারও এমন একটি মৌসুম দেখতে পারি, যেখানে গিল অরেঞ্জ ক্যাপের পেছনে ছুটবে। এমনও হতে পারে যে সে অরেঞ্জ ক্যাপ জিতবে, কারণ টি-টোয়েন্টি দলে ফিরতে সে যা করার দরকার, তা-ই করবে।'
আইপিএলে দারুণ সফল হলেও ভারতের হয়ে টি-টোয়েন্টিতে এখনো নিজেকে প্রমাণ করতে পারেননি গিল। ৩৬ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৮ গড়ে ৮৬৯ রান করেছেন তিনি। যেখানে আইপিএলে ১১৮ ম্যাচ খেলার পর গিলের গড় এখনো প্রায় ৪০, সেখানে জাতীয় দলের হয়ে এই পরিসংখ্যান বেশ বেমানান। এবারের আইপিএলে তাই দারুণ কিছু করেই কাজ শেষ হবে না তার, জাতীয় দলে সুযোগ পেলে একই রকম দাপট দেখাতে হবে সেখানেও।