টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন বেনেট। ৬ ম্যাচে ১৩৪.৫৬ স্ট্রাইক রেট ও ১৪৬ গড়ে ২৯২ রান করেছিলেন জিম্বাবুয়ের ডানহাতি এই ব্যাটার। বেনেটের চেয়ে বেশি রান করেছিলেন শাহিবজাদা ফারহান, টিম সেইফার্ট, সাঞ্জু স্যামসন, ইশান কিশান ও ফিন অ্যালেন।
ভারতের বিপক্ষে ৮ চার ও ৬ ছক্কায় ৫৯ বলে অপরাজিত ৯৭ রানের ইনিংসও খেলেছিলেন বেনেট। ক্রিস গেইলের পর প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯০ ছোঁয়া ইনিংস খেলেছেন তিনি। এমন পারফরম্যান্সের পর পিএসএলে ডাক পেলেন ডানহাতি এই ব্যাটার। প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেলেন তিনি।
পেশাওয়ারের হয়ে খেলবেন বাংলাদেশের তিন ক্রিকেটার। গত মাসে হওয়া নিলাম থেকে দল পেয়েছেন নাহিদ রানা। ৬০ লাখ পাকিস্তানি রুপিতে তাকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। গত মৌসুমেও পেশাওয়ারের হয়ে খেলেছেন বাংলাদেশের তারকা পেসার। যদিও ম্যাচ খেলার সুযোগ মেলেনি নাহিদের।
এ ছাড়া একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন শরিফুল ইসলাম ও তানজিদ হাসান তামিম। তাদের দুজনকেই নিলাম পরবর্তী সময়ে দলে টেনেছে। এবারই প্রথম দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন তানজিদ। পেসার শরিফুলের অবশ্য লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার অভিজ্ঞতা রয়েছে।