এর আগে বছরের দুটো ভিন্ন সময়ে আয়োজিত হতো আইপিএল ও পিএসএল। এবার একই সময়ে আয়োজিত হওয়ার কারণে টি-টোয়েন্টির বড় তারকা সবাই আইপিএলমুখী হওয়ায় তারকা সংকটে পড়তে হচ্ছে পিএসএলকে। আইপিএলে দল পাবার পর পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে চলে যাবার ঘটনাও ঘটছে। বর্তমানে পিএসএলের মান পড়তির দিকে থাকায় এমনটা ঘটছে বলে মনে করেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে আইপিএলের লীগ হিসেবে সফল হবার কারণ জানাতে গিয়ে শেহাজদ বলেন, 'আপনি যদি আইপিএলের দিকে দেখেন তাদের অনেক বড় তারকা আছে যারা লীগটিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলে। দলগুলো বড় সময়ের জন্য বিনিয়োগ করে, নিজেদের শক্তি বাড়ায়।'
আইপিএলের মানের তুলনায় নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পিএসএল নিয়ে হতাশা প্রকাশ করে শেহজাদ বলেন, 'গত ৩-৪ বছর ধরে পিএসএলে অবসর নেয়া খেলোয়াড় ও ধারাভাষ্যকারদের আনা হয়েছে এবং তাদের তারকা হিসেবে দেখানো হচ্ছে। এমনকি অবসর নেওয়া ক্রিকেটাররাই আমাদের ব্র্যান্ডগুলোকে পরিচিত করাচ্ছে। তারা টাকা পাচ্ছে ঠিকই কিন্তু আসলে তারা কাজের কাজ কি করেছে? আমার মনে হয় এটাই পিএসএলের অবস্থা বুঝিয়ে দেয়।'
২০১৬ সালে শুরু হবার পর পিএসএলের অবস্থা অবশ্য এমন ছিল না। পাকিস্তানের অনেক সমর্থক পিএসএলকে আইপিএলের সাথে তুলনাও করতেন একটা সময়। কিন্তু আইপিএল যেখানে জৌলুসের দিক থেকে প্রতিবছর নতুন উচ্চতায় উঠছে, সেখানে পিএসএল যেন দিন দিন জৌলুস হারাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট সূচির সাথে মানিয়ে নিতে আইপিএলের সাথে একই সময়ে পিএসএল আয়োজন করায় তারকা খেলোয়াড়দের প্রায় সবাইকেই হারাতে হচ্ছে আসরটিকে।
পাকিস্তান ক্রিকেটে চলমান দুঃসময়ের পেছনেও পিএসএলের এমন অবস্থার দায় দেখেন শেহজাদ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পিএসএলে ভুল খেলোয়াড়দের ওপর বিনিয়োগ করছে বলেও মত তার। বোর্ডের পরিকল্পনাহীনতাকে সমালোচনা করে শেহজাদ বলেন, 'আপনারা এই ছেলেদের পেছনে টাকা ঢেলেছেন, বিনিময়ে তারা কি দিয়েছে? নিজেদের পকেট ভরে পার্টি আর আনন্দ করেছে। কিন্তু তারা পাকিস্তানের জন্য কিছুই করেনি।'