গত আইপিএলে চেন্নাইয়ের হয়ে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন এলিস। যদিও সেই সময়ের তুলনায় এখন তিনি অনেক বেশি পরিণত বোলার। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে নিজেকে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। ফলে এবারের আসরে তাকে ঘিরে চেন্নাইয়ের প্রত্যাশাও ছিল বেশ বড়।
৩১ বছর বয়সী এই পেসারকে হারানোর হতাশা প্রকাশ করেছেন চেন্নাইয়ের প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথন, 'আমাদের জন্য এটা বিশাল এক আঘাত। এলিস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বোলার, বিশেষ করে ডেথ ওভারগুলোয়। এখন আমরা পরিবর্ত ক্রিকেটার খুঁজছি।'
গত আইপিএল মৌসুম চেন্নাইয়ের জন্য ছিল একেবারেই হতাশাজনক। টুর্নামেন্টের অন্যতম সফল এই দলটি ১৪ ম্যাচে জিতেছিল মাত্র চারটিতে। পয়েন্ট তালিকার তলানিতেই অবস্থান ছিল তাদের। সেই ব্যর্থতার পর এবারের আসরকে সামনে রেখে দলটিকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করা হয়েছে।
দল গঠনে এবার কিছুটা ভিন্ন কৌশল নিয়েছে চেন্নাই। অভিজ্ঞতার ওপর নির্ভরশীলতা বজায় রাখলেও ভবিষ্যতের কথা মাথায় রেখে তরুণ ক্রিকেটারদের দলে টেনেছে তারা। একই সঙ্গে দলবদলের বাজারেও চমক দেখিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। রবীন্দ্র জাদেজা ও স্যাম কারানকে রাজস্থান রয়্যালসে পাঠিয়ে দলে ভিড়িয়েছে সাঞ্জু স্যামসনকে।
তবে নতুন এই পরিকল্পনায় এখন পরিবর্তন আনতে হচ্ছে এলিসের অনুপস্থিতির কারণে। চেন্নাইয়ের পেস আক্রমণে বিদেশি অপশন হিসেবে আপাতত আছেন ম্যাট হেনরি, জেমি ওভারটন এবং জ্যাক ফোকস। আসর শুরুর আগেই তাই বোলিং বিভাগ নতুন করে সাজানোর চ্যালেঞ্জে পড়েছে দলটি।