পিএসএলের আগামী আসরে হায়দরাবাদ কিংসম্যানের হয়ে অধিনায়কত্ব করবেন মার্নাশ ল্যাবুশেন। করাচি কিংসের নেতৃত্ব পেয়েছেন ডেভিড ওয়ার্নার। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে মুলতান সুলতান্সের অধিনায়ক হয়েছেন আরেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাশ্টন টার্নার। তিন অধিনায়কের বাইরে অস্ট্রেলিয়ার আরও কয়েকজন ক্রিকেটার খেলবেন পিএসএলে।
সেই তালিকায় আছেন গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, অ্যাডাম জাম্পা, জশ ফিলিপে, পিটার সিডল ও স্পেন্সার জনসনের মতো অজিরা। তবে পাকিস্তানের টুর্নামেন্টে তারা খেলতে পারবেন কিনা সেটা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কারণ বেশ কিছুদিন ধরেই ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বিরাজ করছে। ঘণ্টায় ঘণ্টায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা করছে ইরান।
মাঝে কয়েকদিন আকাশ পথে বিমান চলাচল বন্ধও ছিল। সেই সংঘাতের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে পাকিস্তানের ও আফগানিস্তানের সীমান্তের অস্থিরতা। কাবুলে পাকিস্তান হামলা চালালে প্রায় ৪০০ জন মানুষ মারা যায়। এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের পিএসএল খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে খবর বেরিয়েছে দেশটির সংবাদমাধ্যমে।
এমন গুঞ্জন নিয়ে পিসিবির এক কর্মকর্তা ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘ভ্রমণের সমস্ত ব্যবস্থা ও পরিকল্পনা সম্পন্ন হয়েছে এবং পিএসএল ১১-এর জন্য চুক্তিবদ্ধ হওয়া সব অস্ট্রেলিয়ান ক্রিকেটার আগামী সপ্তাহ থেকে আসতে শুরু করবে।’ পিএসএল খেলার অনুমতি পেলেও সীমান্ত শহর পেশাওয়ারকে এড়িয়ে চলতে বলা হয়েছে।
২৬ মার্চ পর্দা উঠছে পিএসএলের আগামী আসরের। প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে ৮ দলের পিএসএলের। আগের ৬ দলের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে হায়দরাবাদ ও রাওয়ালপিন্ডি পিন্ডিজ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে উদ্বোধনী দিনে মাঠে নামছে হায়দরাবাদ ও বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স।