ওয়ানডেতে আপোস নয়, টি-টোয়েন্টিতে ছাড় পাবেন মুস্তাফিজ-রিশাদরা

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
মুস্তাফিজ, রিশাদ, ইমন ও নাহিদ
মুস্তাফিজ, রিশাদ, ইমন ও নাহিদ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে এক ঝাঁক বাংলাদেশি ক্রিকেটার খেলবেন। নিলামে অবিক্রিত থাকলেও শরিফুল ইসলামকে একদিন আগেই দলে নিয়েছে পেশাওয়ার জালমি। একই দলের হয়ে পিএসএলে খেলবেন নাহিদ রানাও। গতিময় ডানহাতি পেসার অবশ্য নিলাম থেকেই দল পেয়েছেন।

গত মৌসুমেও পেশাওয়ারের হয়ে খেলেছেন তিনি। যদিও দলের সমন্বয়ের কারণে ম্যাচ পাওয়া হয়নি নাহিদের। তবে পাকিস্তান সিরিজের পারফরম্যান্সে পিএসএলের আগামী মৌসুুমে বল হাতে আলো ছড়াতে দেখা যেতে পারে তাকে। নাহিদ ও শরিফুল ছাড়াও পিএসএলের আগামী মৌসুমে খেলবেন মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও পারভেজ হোসেন ইমন।

নিলামের আগেই ৬ কোটি ৪৪ লাখ রুপিতে সরাসরি চুক্তিতে কাটার মাস্টারকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। একই দলের হয়ে খেলবেন পারভেজ ইমন। নিলাম থেকে তাকে নিতে খরচ ৬০ লাখ রুপি। এ ছাড়া ৩ কোটি রুপিতে পিন্ডিজের হয়ে খেলবেন রিশাদ। তবে তাদের সবাই পিএসএলে খেলার অনাপত্তিপত্র পাবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

কারণ একই সময়ে বাংলাদেশ সিরিজ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে এপ্রিলের মাঝামাঝি বাংলাদেশে আসবে কিউইরা। বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছেন টি-টোয়েন্টি থেকে ছাড় পেতে পারেন ক্রিকেটাররা। তবে ওয়ানডে সিরিজে খেলতে হবে তাদের।

এ প্রসঙ্গে ফাহিম বলেছেন, 'আমাদের চেষ্টা থাকবে যাদের প্রয়োজন আমাদের এখানে, ওয়ানডেতে আমরা কোন ধরনের আপস করবো না স্বাভাবিকভাবেই। টি-টোয়েন্টিতে আমরা যদি মনে করি যে একজন খেলোয়াড়কে ওখানে সুযোগ দিলে তার উন্নতির জন্য সেটা ভালো হবে, কিন্তু একই সাথে তারও বিকল্প আমাদের এখানে আছে, সেক্ষেত্রে আমরা তাদেরকে ছাড় দেব। এই নীতিতেই আমরা যাচ্ছি।'

যদিও টি-টোয়েন্টি সিরিজ থেকে যথাসম্ভব ছাড় দেয়ার চিন্তা রয়েছে বিসিবির। পিএসএলে জায়গা পাওয়া ক্রিকেটারদের জায়গায় বিকল্প ক্রিকেটারদের এই সীমিত ওভারের সিরিজে সুযোগ দেয়ার কথা ভাবছে বিসিবি। পিএসএলে খেললে ক্রিকেটারদের ভালো অভিজ্ঞতা হবে বলেও আশাবাদী তিনি।

ফাহিম যোগ করেন, 'আমাদের চেষ্টা থাকবে আমাদের নিজেদের স্বার্থ রক্ষা করে যতটুকু ছাড় দেওয়া যায়। কারণ পিএসএলও একটা ভালো প্রতিযোগিতা, ওখানে আমাদের ছেলেরা গেলে তাদের একটা ভালো অভিজ্ঞতা হবে। সেদিক থেকে তারা আরো হয়তো একটু পরিণত হতে পারবে। সেদিকে চোখ রেখেই এই সিদ্ধান্তগুলি নেওয়া হবে, এখনো আমরা চূড়ান্ত সিদ্ধান্তটা নিইনি, আশা করছি যে খুব দ্রুতই হবে সেটা।'

১৭, ২০ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ। এরপর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ২৭, ২৯ এপ্রিল ও ২ মে। অন্যদিকে ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে পিএসএল। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের পর্দা নামবে ৩ মে।

আরো পড়ুন: