যদিও আইপিএলে তিনি ধারাভাষ্যকার হিসেবে থাকবেন। ২০১৬ সালে খেলোয়াড় হিসেবে শেষবার আইপিএলে অংশ নিয়েছিলেন তিনি। এরপর বিভিন্ন মৌসুমে ধারাভাষ্য দিতে দেখা গেছে তাকে। তবে গত বছরই প্রথম কোচিং স্টাফে যুক্ত হয়েছিলেন পিটারসেন। এক মৌসুম পরেই নিজের দায়িত্ব ছাড়লেন পিটারসেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে পিটারসেন লিখেছেন, 'আমি এই আইপিএল মৌসুমে দিল্লি ক্যাপিটালসের মেন্টর হতে পারছি না। এই কাজের জন্য যে সময় প্রয়োজন, তা আমি দিতে পারছি না। এই মৌসুমের জন্য সব খেলোয়াড়কে শুভকামনা। তবে আমাকে আবারও ধারাভাষ্য বক্সে দেখতে পাবেন। আইপিএল বিশ্বের সেরা লিগ এবং শিগগিরই আপনাদের সবার সঙ্গে আবার দেখা হওয়ার অপেক্ষায় আছি।'
পিটারসেনের অধীনে ২০২৫ মৌসুমে দিল্লি ক্যাপিটালস মোটামুটি ভালোই খেলেছিল। পয়েন্ট টেবিলে তারা পঞ্চম স্থানে শেষ করে এবং অল্পের জন্য প্লে অফে উঠতে পারেনি। আইপিএলে পিটারসেন মোট ৩৬টি ম্যাচ খেলেছেন। দিল্লি ডেয়ারডেভিলস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ এবং পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার হয়ে খেলে তিনি ১ হাজার ১ রান করেছেন।
এর আগে বুধবার বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া আইপিএল ২০২৬ এর প্রথম পর্বের সূচি ঘোষণা করে। ২৮ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত এই পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ওই সময় তিনটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় নির্বাচনের তারিখ ঘোষণার পর পুরো সূচি প্রকাশ করা হবে।
আইপিএলের এবারের আসর শুরু হবে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যকার ম্যাচ দিয়ে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচটি। প্রথম পর্বে মোট ২০টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১০টি ভেন্যুতে। ভেন্যুগুলো হলো বেঙ্গালুরু, মুম্বাই, গুয়াহাটি, নিউ চন্ডীগড়, লক্ষ্ণৌ, কলকাতা, চেন্নাই, দিল্লি, আহমেদাবাদ এবং হায়দরাবাদ।