হৃদয়ের ৩৫০ রানের ম্যাচ ড্র

বাংলাদেশ ‘এ’ দলের সাউথ আফ্রিকা সফর
তাওহীদ হৃদয়
তাওহীদ হৃদয়
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সাউথ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ 'এ' দলের দ্বিতীয় চারদিনের ম্যাচটি ড্র হয়েছে। এই ম্যাচে আগে ব্যাট করে ৫১২ রান করে অল আউট হয়েছিল প্রোটিয়ারা। এরপর শুরুতে ধাক্কা খেলেও তাওহীদ হৃদয়ের ৩৫০ রানের অপরাজিত ইনিংসে ভর করে ৬৭৬ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ 'এ'। জবাবে নেমে বিনা উইকেটে ১৮ রান করে সাউথ আফ্রিকা। এরপর ম্যাচ ড্র ঘোষণা করেন আম্পায়াররা।

তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৩৭১ রান করেছিল বাংলাদেশ। চতুর্থ ও শেষ দিনে অধিনায়ক হৃদয়ের ব্যাটে ভর করে সাউথ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে লিডও নেয় বাংলাদেশ। তাকে শেষদিকে দারুণ সঙ্গ দিয়েছেন রেজাউর রহমান রাজা। তাদের অবিচ্ছিন্ন ১৫৭ রানের জুটিতেই প্রোটিয়াদের বিপক্ষে দাপট দেখায় বাংলাদেশ 'এ' দল।

আগের দিনই ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছিলেন হৃদয়। তার সঙ্গে পঞ্চম উইকেটে ১৫১ রানের জুটি গড়েছিলেন জাকের আলী অনিক। ১৬৮ বলে ৯৪ রান করে জাকের ফিরে যাওয়ার পর হৃদয় ষষ্ঠ উইকেটে মোহাম্মদ সাইফউদ্দিনের সঙ্গে গড়েন আরও বড় জুটি। দুজন মিলে যোগ করেন ১৮৫ রান। সাইফউদ্দীন ১৭১ বলে করেন ৮৭ রান।

এই দুই জুটির ওপর ভর করেই প্রোটিয়াদের বড় সংগ্রহের জবাব দেওয়ার সুযোগ পায় বাংলাদেশ ‘এ’ দল। যদিও দিনের শুরুতে তাকে সঙ্গ দিতে পারেননি নাঈম হাসান। ১৬ রান করে ফিরে যান এই ব্যাটসম্যান। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি হাসান মুরাদও। ১১ রান করে বোল্ড হয়ে ফেরেন তিনি। তবে এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করে যাওয়া হৃদয় তুলে নেন ট্রিপল সেঞ্চুরি।

৪৫০ বলে এই ম্যাজিক ফিগারে পৌঁছান তিনি। তৃতীয় বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেনির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির গৌরব অর্জন করেছেন তিনি।প্রোটিয়া পেসার বোস্টের বল মিড অনে ফেলে দ্রুত দৌড়ে দুই রান নিয়ে ট্রিপল সেঞ্চুরি পূর্ণ হয় তার। হৃদয়ের আগে ট্রিপল সেঞ্চুরি করা দুই বাংলাদেশি ছিলেন রকিবুল হাসান ও তামিম ইকবাল। হৃদয় ৩৩৩ রানে অপরাজিত থেকে চা বিরতিতে যান। বাংলাদেশ 'এ' দলের সংগ্রহ ৮ উইকেটে ৬৫৮।

বিরতি থেকে ফিরেই তিনি ছাড়িয়ে যান তামিমের করা ৩৩৪ রানের রেকর্ডও। ফলে বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেনির ক্রিকেটে সর্বোচ্চ ইনিংসটি এখন হৃদয়ের। এনটুলিকে লেগ সাইডে ঠেলে সিঙ্গেল নিয়ে তামিমের রেকর্ড ছাড়িয়ে যান হৃদয়। শেষ পর্যন্ত ৪৮১ বলে ৩৫০ রান করে ইনিংস ঘোষণা করেন হৃদয়। বাংলাদেশ 'এ' দল ইনিংস ঘোষণা করেছে ৬৭৬ রানে।

২০২০ সালে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে ইস্ট জোনের হয়ে সেন্ট্রাল জোনের বিপক্ষে ৩৩৪ রানের এই অপরাজিত ইনিংস ইনিংস খেলেছিলেন তামিম। হৃদয় এবার তামিমের সেই ঐতিহাসিক রেকর্ডকেই পেছনে ফেলে দিয়েছেন। নবম উইকেটে তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন রেজাউর রহমান রাজা।

এর আগে জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করায় সাউথ আফ্রিকা ‘এ’ দল। লেসগো সেনেকওয়ানে ১১১, সিনেথেম্বা কেশিলে ১২৮ এবং গাভিন কাপলান ৯৭ রান করেন। তাঁদের ব্যাটে ভর করেই ৫১২ রানের বড় সংগ্রহ পায় প্রোটিয়ারা। বল হাতে বাংলাদেশের হয়ে নাঈম হাসান ৪টি, হাসান মুরাদ ৩টি ও রেজাউর রহমান রাজা ২টি উইকেট নেন।

আরো পড়ুন: