লিটনের মতো অভিজ্ঞ একজনকে খেলানো অবশ্যই যুক্তিযুক্ত: সালাহউদ্দিন

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
লিটন দাস ও মোহাম্মদ সালাহউদ্দিন
লিটন দাস ও মোহাম্মদ সালাহউদ্দিন
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চোট থেকে সেরে উঠতে না পারায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে ছিলেন না লিটন দাস। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় দ্রুত উন্নতি করায় শেষ মুহুর্তে প্রথম টেস্টের স্কোয়াডে নাটকীয়ভাবে যুক্ত করা হয় লিটনকে। ডারউইনে দলের সঙ্গে যোগ দিতে আজ (রোববার) অস্ট্রেলিয়ার বিমান ধরবেন তিনি।

১৪ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ব্যাটিং করার সময় কাফ মাসলের চোটে পড়েছিলেন লিটন। শেষ মুহূর্তে টেস্ট দলে যুক্ত হয়েই দলের দ্বিতীয় বহরের সঙ্গে দেশ ছাড়ছেন লিটন। বাংলাদেশ দলের সাবেক সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন মনে করেন আগেভাগে যাওয়ার ফলে লিটন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ পাবেন। বিশেষ করে প্রস্তুতি ম্যাচটি তার কাজে লাগবে।

লিটনকে নিয়ে আশা প্রকাশ করে সালাহউদ্দিন বলেন, 'সে আগে যাচ্ছে, এটা ভালো হচ্ছে। কারণ সেখানে গিয়ে মানিয়ে নিতে পারবে। আমার মনে হয় গত ৪৫ দিনে সে ম্যাচের মধ্যে নেই। সে যদি অনুশীলন ম্যাচটা খেলতে পারে আমি মনে করি সেটা তার জন্য অনেক ভালো হবে। তার জন্য টেস্ট ম্যাচ খেলাও অনেক সহজ হবে। নয়ত সরাসরি টেস্ট ম্যাচে গেলে আমার মনে হয় একটু কঠিন হতো।'

লিটনকে দিয়ে সিরিজের প্রথম টেস্টে উইকেটকিপিং করানোর ঝুঁকি হয়তো নেবে না বাংলাদেশ। এমনটাই মনে করেন সালাহউদ্দিন। যদি ব্যাটার হিসেবেও লিটন খেলেন, পাশাপাশি রানিং বিটুইন দ্য উইকেটে সাবলীল থাকেন তাহলে অভিজ্ঞ এই ব্যাটারকে খেলানো যুক্তিযুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এই কোচ।

সালাহউদ্দিনের ভাষ্য, 'আমি মনে করি টেস্ট হয়ত হাই ইন্টেন্স নিয়ে খেলা হয় না। টেস্ট ম্যাচে হয়ত সে তিন বা চার রানের জন্য দৌড়াবে না। উইকেটকিপার হিসেবে তাকে হয়ত ৮০/৯০ ওভারও টানতে হবে না। সে যদি ব্যাটিংটা করতে পারে এবং রানিং বিটুইন দ্য উইকেটে যদি কিছুটা ভালো থাকে এবং সে যদি খেলার মতো অবস্থায় থাকে তাহলে অভিজ্ঞ একজনকে খেলানো অবশ্যই যুক্তিযুক্ত।'

এই চোটের কারণে লঙ্কা প্রিমিয়ার লিগেও (এলপিএল) যেতে পারেননি লিটন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা ছিল। কদিন আগেই সিঙ্গাপুরে স্ক্যান করিয়েছেন তিনি। যেখানে পেশিতে ফোলাভাব ধরা পড়েছে এবং চিকিৎসা নিয়েছেন।যদিও প্রত্যাশার চেয়ে দ্রুত গতিতে সেরে উঠছেন লিটন।

আরো পড়ুন: