সিরিজ হারের পর জরিমানার কবলে বাংলাদেশ দল

জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজ
বাংলাদেশ দল
বাংলাদেশ দল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে স্লো ওভাররেটের কারণে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে বাংলাদেশ দলকে।বৃহস্পতিবার হারারেতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা শেষ করতে না পারায় এই শাস্তি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ম্যাচে বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার পিছিয়ে ছিল। এ কারণে শাস্তি পেতে হয়েছে বাংলাদেশ দলকে। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট এই শাস্তি আরোপ করেন বাংলাদেশ দলের বিরুদ্ধে।

আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, ন্যূনতম ওভার রেট সংক্রান্ত অপরাধে নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম বোলিং করলে খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। সেই হিসেবে দুই ওভার পিছিয়ে থাকায় বাংলাদেশের খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেয়া হয়েছে।

বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অভিযোগ মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। মাঠের আম্পায়ার আল্লাহউদ্দিন পালেকার ও আইনো চাবি, থার্ড আম্পায়ার পার্সিভাল সিজারা এবং ফোর্থ আম্পায়ার ফস্টার মুতিজওয়া অভিযোগটি দায়ের করেন।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শনিবার মুখোমুখি হবে বাংলাদেশ। স্বাগতিক জিম্বাবুয়ে প্রথম দুই ম্যাচে জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে। এবার তাদের সামনে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার সুযোগ। এরপর দুই দল ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামবে।

আরো পড়ুন: