এর ফলে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ও টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচই মিস করবেন মুস্তাফিজ। বিসিবি ফিজিও বায়েজেদুল ইসলাম জানিয়েছেন মুস্তাফিজের সেরে উঠতে চার সপ্তাহের মতো সময় লাগতে পারে।
তিনি বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় বলেন, 'মুস্তাফিজুর রহমান প্রথম ওয়ানডেতে ম্যাচে বোলিং করার সময় ডান পায়ের পেছনের মাংসপেশিতে একটা চোট নিয়ে উঠে এসেছে। পরবর্তীতে আমরা ৭ তারিখে ওকে একটা স্ক্যান করানো হয়েছে। তো স্ক্যানে ওর গ্রেড ওয়ান মাসল টিয়ার এসেছে ডান হ্যামস্ট্রিং।'
তিনি আরও যোগ করেন, 'একই হাঁটুতে ওর একটু সমস্যা আছে, মিনিস্কাল ডিজেনারেশন আছে । তো আমরা আশা করছি এটা আনুমানিক চার সপ্তাহের আশেপাশে একটা সময়সীমা লাগবে ঠিক হতে। মুস্তাফিজ দেশে ফেরত যাবে, গিয়ে পুনর্বাসন প্রক্রিয়া করবে।'
বৃহস্পতিবার মুস্তাফিজকে ছাড়াই সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছিল বাংলাদেশ। এই ম্যাচে বাঁহাতি এই পেসারকে ছাড়াই জিম্বাবুয়েকে ২৪৭ রানে আটকে দেয় বাংলাদেশ। তবে ব্যাটারদের ব্যর্থতায় এই ম্যাচে বাংলাদেশ হেরেছে ১৩ রানে। এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৫ রানে হেরেছিল বাংলাদেশ। টানা দুই হারে ইতোমধ্যে সিরিজ হাতছাড়া হয়েছে টাইগারদের।