বল হাতে আগুন ঝরালে আমাদের জেতার সুযোগ থাকবে: কাইয়া

জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজ
ইনোসেন্ট কাইয়া, ফাইল ফটো
ইনোসেন্ট কাইয়া, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
হারারেতে পাঁচ দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে দারুণ অবস্থানে রয়েছে জিম্বাবুয়ে। ওপেনার ইনোসেন্ট কাইয়ার ১৪০ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ২৭০ রানের লিড পেয়েছে স্বাগতিকরা। দিনের খেলা শেষে নিজের ইনিংস, দলে ফেরা এবং ম্যাচের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেন এই ব্যাটার।

জিম্বাবুয়ের হয়ে প্রথম শতক পাওয়ায় আনন্দ প্রকাশ করেন কাইয়া। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে সুযোগ পাওয়াটাকেই বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। তার মতে, শুরু থেকেই বাড়তি কিছু না ভেবে বল দেখে খেলে যতক্ষণ সম্ভব উইকেটে থাকার চেষ্টা করেছেন।

কাইয়া বলেন, 'শুরুতে আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিতে চাই আমাকে জিম্বাবুয়ের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেওয়ার জন্য। দলে এসে শুধু খেলার সুযোগ চেয়েছিলাম। পারফরম্যান্স নিয়ে অত ভাবিনি। এটা আমার প্রথম শতক জিম্বাবুয়ের হয়ে। আমি কৃতজ্ঞ। কেবল বল দেখে খেলে গেছি। বেশি কিছু ভাবিনি। যতক্ষণ সম্ভব টিকে থাকাই ছিল পরিকল্পনা।'

হাঁটুর চোট কাটিয়ে দলে ফেরার পথ সহজ ছিল না বলেও জানান কাইয়া। তিনি বলেন, 'পেশাদার ক্রিকেটার হিসেবে আপনাকে খেলতে হবে। হাঁটুর চোট সারতে সময় লাগে। দলে ফিরে মনে হয়েছিল আমার জন্য ভালো সুযোগ। কঠোর পরিশ্রম করেছি, ফিটনেস নিয়ে কাজ করেছি, অনুশীলনে সময় দিয়েছি। শুধু ক্রিকেটে মনোযোগ রেখেছি। পথটা সহজ ছিল না, অনেক ওঠানামা গেছে। সন্দেহও এসেছে নিজের ভেতরে। তবে আমি মনোযোগ ধরে রেখেছি।'

শতকের পর নিজের উদযাপন নিয়েও কথা বলেন এই ওপেনার। কাইয়ার ভাষ্য, 'শতক করলেই আমি এভাবেই উদযাপন করি। বাইরের কথাগুলো বন্ধ করে দিতে চাই।'

দলের লিড নিয়ে কাইয়া বলেন, '২৭০ রানের লিড ভালোই। আমরা একটি উইকেটও তুলে নিয়েছি। কাল এসে যদি বল হাতে আগুন ঝরাতে পারি, তাহলে নিশ্চিতভাবেই আমাদের জেতার ভালো সুযোগ থাকবে।'