বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদের মতে, জিম্বাবুয়ে সফরকে সহজভাবে দেখার সুযোগ নেই। বরং এই সিরিজে প্রত্যাশার চাপ আরও বেশি থাকবে, কারণ প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়েকে অনেকেই তুলনামূলক দুর্বল দল হিসেবে বিবেচনা করেন। এক্ষেত্রে জিম্বাবুয়ের বিপক্ষে হারলে সমালোচনাও শুনতে হয় অনেক।
তাসকিন বলেন, 'জীবনে প্রত্যেকটা দিনই চ্যালেঞ্জের। প্রতিটি সিরিজই চ্যালেঞ্জিং। সামনে যে জিম্বাবুয়ে সিরিজ আসছে, এটা আরও বেশি চাপের। কারণ ওদের কন্ডিশনে খেলা। ওদের সঙ্গে খারাপ হলে বলবে জিম্বাবুয়ের সঙ্গে খারাপ খেলেছে।'
তিনি মনে করিয়ে দেন, জিম্বাবুয়ের মাটিতে খেলাটা কখনোই সহজ নয়। সেখানকার পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া এবং ধারাবাহিক ভালো ক্রিকেট খেলাই সাফল্যের চাবিকাঠি হবে বাংলাদেশের জন্য।
তাসকিনের ভাষায়, 'খেলোয়াড়রা জানে, আমরা জানি- জিম্বাবুয়ের মাটিতে গিয়ে ওদের বিপক্ষে জেতা কত কষ্ট। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজ জিতেছি, দুর্ভাগ্যবশত বিশ ওভারের সিরিজ হেরেছি। প্রত্যেকটা সিরিজই আমাদের জন্য চ্যালেঞ্জিং। এমনকি টেপ টেনিসও চ্যালেঞ্জিং। খেলা কখনই সোজা না।'
সিরিজ শুরু হবে একমাত্র টেস্ট দিয়ে। ২৮ জুন থেকে ২ জুলাই পর্যন্ত হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর একই ভেন্যুতে ৬ জুলাই শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯ ও ১১ জুলাই।
এরপর টি-টোয়েন্টি সিরিজের জন্য দল দুটি যাবে কুইন্স স্পোর্টস ক্লাবে। ১৫ জুলাই সেখানে শুরু হবে সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ১৭ ও ১৯ জুলাই।