নতুন দায়িত্বে বিসিবিতে ফিরছেন মারিও

বাংলাদেশ ক্রিকেট
বাংলাদেশ দলের সাথে মারিও ভিল্লাভারায়ন, ফাইল ফটো
বাংলাদেশ দলের সাথে মারিও ভিল্লাভারায়ন, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্বে ফিরছেন সাবেক স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ন। সবকিছু ঠিক থাকলে বিসিবির পুনর্বাসন (রিহ্যাব) কেন্দ্রের দায়িত্ব নিতে যাচ্ছেন শ্রীলঙ্কান বংশোদ্ভূত এই অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞ। এর আগে দীর্ঘ সাত বছর বাংলাদেশ জাতীয় দলের সাথে কাজ করেছেন তিনি।

২০২৩ সালে জাতীয় দলের প্রধান ফিজিওথেরাপিস্ট ও রিহ্যাবিলিটেশন ম্যানেজার জুলিয়ান ক্যালেফাতো দায়িত্ব ছাড়ার পর থেকে স্থানীয় কোচরাই রিহ্যাব সেন্টারের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এবার সেই শূন্যস্থান পূরণে ভিল্লাভারায়নকে নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি।

বিষয়টি নিশ্চিত করে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বলেন, 'মারিওর সঙ্গে আমাদের চুক্তির প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। তাকে রিহ্যাব সেন্টারের দায়িত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি আমাদের ট্রেনারদেরও তিনি প্রশিক্ষণ দেবেন বলে আশা করছি।'

এর আগে ২০১৪ সালে বিসিবি জাতীয় পুরুষ দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে ভিল্লাভারায়নকে নিয়োগ দেয়। ৫২ বছর বয়সী এই কোচ টানা ছয় বছর দায়িত্ব পালনের পর ২০২০ সালে পদত্যাগ করে আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদে যোগ দেন।

এরপর থেকে তিনি বিভিন্ন ঘরোয়া টি-টোয়েন্টি লিগ ও কয়েকটি জাতীয় দলের সঙ্গে নানা ভূমিকায় কাজ করে আসছেন। মঙ্গলবার বিসিবিতে ফেরার বিষয়ে জানতে চাইলে ভিল্লাভারায়ন ক্রিকবাজকে বলেন, 'জুলাই মাসে আমার কিছু পূর্বনির্ধারিত দায়িত্ব রয়েছে। তাই সম্ভবত আগস্টের দিকে আমি যোগ দেব।'

জানা গেছে, আইপিএলে তার দায়িত্ব পালনের জন্য নির্দিষ্ট সময় ছুটি রাখার সুযোগ থাকবে। বিসিবি সূত্রের তথ্য অনুযায়ী, বছরের নির্দিষ্ট কয়েক মাস তিনি বাংলাদেশে থেকে রিহ্যাব সেন্টারের কার্যক্রম পরিচালনা করবেন