রাজাকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলবে জিম্বাবুয়ে

জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজ
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। এই ম্যাচে প্রথমবারের মতো টেস্ট অধিনায়কের দায়িত্ব পালন করবেন বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভা। রোববার হারারে স্পোর্টস ক্লাবে শুরু হবে ম্যাচটি।

গত বছরের অক্টোবরে একই ভেন্যুতে আফগানিস্তানের বিপক্ষে ইনিংস ও ৭৩ রানের দাপুটে জয়ের পর এটিই জিম্বাবুয়ের টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনের ম্যাচ। সেই ম্যাচে জিম্বাবুয়ের হয়ে অন্যতম সেরা পারফর্মার ছিলেন এনগারাভা। পাঁচ উইকেট নিয়ে দলের স্মরণীয় টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে ঘোষিত দলে জায়গা পেয়েছেন এমন পাঁচ ক্রিকেটার, যারা আফগানিস্তানের বিপক্ষে খেলা টেস্ট দলে ছিলেন না। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দলে ফিরেছেন ইনোসেন্ট কাইয়া, গ্রায়েম ক্রেমার, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েসলি মাধেভেরে ও নিউম্যান নিয়ামহুরি।

এই ম্যাচে সিকান্দার রাজাকে পাচ্ছে না জিম্বাবুয়ে। ইংল্যান্ডে ভাইটালিটি ব্লাস্টে খেলার পর বাকি সময়টায় ওরচেস্টারশায়ারের হয়ে কাউন্টি খেলবেন তিনি। ফলে তাকে বিশ্রাম দেয়া হয়েছে এই সিরিজ থেকে। সর্বশেষ গত বছরের এপ্রিল ও মে মাসে বাংলাদেশে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই সিরিজ ১-১ সমতায় শেষ হয়।

সিরিজের প্রথম টেস্টে তিন উইকেটের স্মরণীয় জয় তুলে নিয়ে চার বছর পর টেস্টে জয়ের স্বাদ পায় জিম্বাবুয়ে। পরে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ সমতায় ফেরায় বাংলাদেশ। ঘরের মাঠে একমাত্র টেস্ট ম্যাচটি নিশ্চিতভাবেই জিততে চাইবে স্বাগতিকরা।

জিম্বাবুয়ের টেস্ট দল-

রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, তানাকা চিভাঙ্গা, গ্রায়েম ক্রেমার, বেন কারান, ক্রেইগ আরভিন, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, রয় কাইয়া, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান নিয়ামহুরি, ব্রেন্ডন টেলর ও তাফাদওয়া সিগা।

আরো পড়ুন: