কোচ হয়ে বিসিবিতে ফিরছেন রাজ্জাক

বাংলাদেশ ক্রিকেট
আব্দুর রাজ্জাক
আব্দুর রাজ্জাক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সাবেক জাতীয় স্পিনার আব্দুর রাজ্জাক আগামী জুন থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স ইউনিটে যোগ দিতে যাচ্ছেন। সম্প্রতি বিলুপ্ত হওয়া আমিনুল ইসলাম নেতৃত্বাধীন আগের বোর্ডের সদস্য ছিলেন রাজ্জাক। সোমবার ক্রিকবাজকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের পরিচালক নির্বাচিত হয়েছিলেন আব্দুর রাজ্জাক। পাশাপাশি বিসিবির গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি কমিটির দায়িত্বে ছিলেন সাবেক এই বাঁহাতি স্পিনার। তবে জাতীয় ক্রীড়া পরিষদ কদিন আগেই বুলবুলের বোর্ডকে অবৈধ ঘোষণা করে সরিয়ে দিয়েছে।

দায়িত্ব দেয়া হয়েছে নতুন অ্যাডহক কমিটিকে। এবার নতুন কমিটির অধীনেই আবারও বিসিবিতে ফিরছেন জাতীয় দলের সাবেক এই স্পিনার। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে বিসিবি হাই পারফরম্যান্স ইউনিটে যোগ দিতে যাচ্ছেন তিনি। ক্রিকবাজকে রাজ্জাক নিজেই এই বিষয়টি স্বীকার করেছেন।

সংবাদমাধ্যমটিকে তিনি বলেন, ‘হ্যাঁ, আমাদের আলোচনা হয়েছে এবং জুনে আমার যোগ দেওয়ার কথা রয়েছে।’

বিসিবি হাই পারফরম্যান্স ইউনিট পুনর্গঠনের পরিকল্পনা করছে। এর অংশ হিসেবে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনকে এইচপির প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজ শেষে তিনি দায়িত্ব বুঝে নেওয়ার কথা রয়েছে।

বিসিবি পরিচালক হিসেবে দায়িত্ব পালনের সময়ই রাজ্জাক ক্রিকবাজকে জানিয়েছিলেন, তিনি কোচিংয়ে আসতে আগ্রহী। বোর্ড পরিচালক হওয়ার আগে জাতীয় নির্বাচক প্যানেলের সদস্য হিসেবেও কাজ করেছেন তিনি। কোচ হিসেবে পুরোপুরি প্রস্তুত থাকতে ২০২৬ সালের জানুয়ারিতে লেভেল থ্রি কোচিং সার্টিফিকেট অর্জন করেন রাজ্জাক।

সেই সময় রাজ্জাক বলেছিলেন, ‘অনেক দিন ধরেই আমি কোচ হতে চেয়েছি। ক্রিকেট খেলার সময় থেকেই এটা আমার মাথায় ছিল। পরে নির্বাচক প্যানেলে যোগ দিয়েছিলাম। এখন লেভেল থ্রি কোর্স সফলভাবে শেষ করেছি, তাই কোচিংয়ে আসার চেষ্টা করব। আসলে শুধু একটি কোচিং প্রোগ্রাম শেষ করলেই সব সম্পূর্ণ হয়ে যায় না। পুরো ক্যারিয়ারে যা ঘটেছে, যা শিখেছি, অনেক বিষয় আছে যেগুলোকে আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি। সেই বিষয়গুলো বাস্তবে প্রয়োগ করা সম্ভব।’

আরো পড়ুন: