সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন নাহিদ। বাংলাদেশের সবশেষ দুটি ওয়ানডে সিরিজেই সিরিজসেরা খেলোয়াড় ছিলেন এই পেসার। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে নজর কেড়েছেন সবার। ফাইনালেও দারুণ এক স্পেল করে দলকে শিরোপা জেতাতে বড় অবদান রেখেছেন তিনি।
এমন ছন্দে থাকা বোলারকে যেকোনো কোচই তার দলে পেতে চাইবেন। ব্যতিক্রম নন সিমন্সও। তবে বাংলাদেশের প্রধান কোচ সবার আগে প্রাধান্য দিতে চান নাহিদের ওয়ার্কলোডকে। দীর্ঘদিন নাহিদের সার্ভিস নিশ্চিত করতে তাকে ব্যবহারের ব্যাপারে সতর্ক থাকতে চান এই ক্যারিবীয়ান কোচ।
সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, 'আমাদের তাকে পর্যবেক্ষণ করতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে যেন আমরা নাহিদকে দিয়ে অতিরিক্ত কাজ না করাই। আমরা তাকে কোনো টেস্ট ম্যাচে অর্ধেক ফিট অবস্থায় খেলাবো না শুধু এই কারণে যে আমরা তাকে চাই বা তার ওই গতিটা চাই। আমাদের ফাস্ট বোলারদের একটা ভালো বহর আছে। গতির দিক থেকে নাহিদ এখন শীর্ষে আছে, তাই আমাদের তাকে দেখে রাখতে হবে।'
পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্টেই নাহিদকে খেলানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে সিমন্স বলেন, 'যেটা আমি বললাম, আমরা পর্যবেক্ষণ করছি। প্রথম টেস্ট ম্যাচের পর আমরা দেখব তার অবস্থা কী, নাহিদ কত ওভার বল করেছে। ওয়ার্কলোড এভাবেই কাজ করে। তাই আমরা তার কাজের চাপ দেখভাল করব এবং দেখব সে দ্বিতীয় টেস্টে খেলার সুযোগ পাবে নাকি বিশ্রাম পাবে।
গতি দিয়েই এখন ক্রিকেট বিশ্বে অন্যতম আলোচনার বিষয়ে পরিণত হয়েছেন নাহিদ। তবে নাহিদের বোলিংয়ের পাশাপাশি তার ক্রিকেটীয় জ্ঞানকে আলাদাভাবে প্রশংসা করেছেন সিমন্স। তরুণ হয়েও নিজের প্রস্তুতি ও ফিটনেস নিয়ে নাহিদের বোঝাপড়া বেশ মুগ্ধ করেছে এই কোচকে।
নাহিদ প্রসঙ্গে সিমন্স আরও বলেন, 'আমি আপনাকে বলি, নাহিদ রানার সবথেকে ভালো দিক হলো সে এখন কোথায় আছে এবং তাকে কী করতে হবে- সে সম্পর্কে তার বোঝার ক্ষমতা। মূলত ক্রিকেটে নতুন আসা একজন মানুষ হিসেবে নাহিদের প্রস্তুতি এবং নিজের অবস্থান সম্পর্কে তার যে মানসিকতা, আমার কাছে সেটা অত্যন্ত বুদ্ধিদীপ্ত মনে হয়েছে।'