শেষ ম্যাচ জিতে ফিরতে চায় নিউজিল্যান্ড

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
নিউজিল্যান্ড, ফাইল ফটো
নিউজিল্যান্ড, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রথম টি-টোয়েন্টিতে দারুণ শুরু করেও সেই ধারা ধরে রাখতে পারেনি নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় এখনও সিরিজে পিছিয়ে আছে দলটি। তবে শেষ ম্যাচের আগে বাড়তি এই সময় পাওয়াটাকে ইতিবাচক হিসেবেই দেখছে কিউইরা। সিরিজের শেষ ম্যাচের জন্য ঢাকায় ফিরে নিউজিল্যান্ড অলরাউন্ডার ডিন ফক্সক্রফট জানিয়েছেন, প্রথম ম্যাচের ভুলগুলো খুঁজে নিয়ে শেষ ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোর ছক কষছেন তারা।

চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দারুণ শুরু করেছিল কিউইরা। দশম ওভারেই দুই উইকেট হারিয়ে ১০০ রানে পৌঁছে যায় তারা। চট্টগ্রামের দারুণ ব্যাটিং উইকেটে তখন ২০০ রানও তাদের নাগালের মধ্যেই ছিল। কিন্তু শেষ দশ ওভারে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খেই হারায় কিউইদের ইনিংস। ১৮২ রানেই সন্তুষ্ট থাকতে হয় ফক্সক্রফটদের। ঢাকায় শেষ ম্যাচে মাঠে নামার আগে তাই এই ভুল গুলো নিয়েই বেশি কাজ করছে নিউজিল্যান্ড।

সংবাদ সম্মেলনে ফক্সক্রফট বলেন, 'হ্যাঁ, অবশ্যই গত ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় আমাদের সামনে এই সুযোগটি এসেছে যাতে আমরা এখানে জিতে সিরিজে সমতা আনতে পারি। দলের সবার মানসিক অবস্থা বেশ ইতিবাচক। আমরা প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি নিয়ে বিশ্লেষণ করার জন্য কয়েক দিন সময় পেয়েছিলাম। আমি মনে করি, সেই ম্যাচে আমরা অনেক কিছু ভালো করেছি, তবে বোলিং এবং ব্যাটিংয়ের কিছু জায়গায় আমাদের আরও নিয়ন্ত্রণ রাখার প্রয়োজন ছিল।'

সিরিজের শেষ ম্যাচ নিয়ে দলের পরিকল্পনা প্রসঙ্গে কিউই অলরাউন্ডার বলেন, 'আমরা দল হিসেবে ব্যাটিং ও বোলিং বিভাগ নিয়ে আলোচনা করেছি এবং জানি কোন জায়গাগুলোতে উন্নতি করতে হবে। আজ আমাদের ট্রেইনিং সেশন আছে এবং আশা করছি কালকের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত থাকব।'

২০২৩ সালে বাংলাদেশের মাটিতে আন্তর্জাতিক অভিষেক হয় ফক্সক্রফটের। সেই একটি ওয়ানডেতেই থেমে ছিল তার ক্যারিয়ার। আবারও বাংলাদেশের মাটিতেই নিজের ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করার সুযোগ আসে তার সামনে। ওয়ানডে সিরিজে কিউইদের সেরা ব্যাটার হয়ে সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন ফক্সক্রফট। তিন ম্যাচে দুই ফিফটিতে ১৪৯ রান করেন তিনি। সবমিলিয়ে বাংলাদেশ সফরকে দারুণ অভিজ্ঞতা মানছেন এই অলরাউন্ডার।

বাংলাদেশ সফরে নিজের ব্যক্তিগত পারফরম্যান্স প্রসঙ্গে ফক্সক্রফট বলেন, 'বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়ে খেলা এবং নতুন অভিজ্ঞতা অর্জন করা সবসময়ই দারুণ। আমি আমার ব্যক্তিগত পারফরম্যান্সে বেশ খুশি। প্রথম ম্যাচ থেকে শুরু করে এখন পর্যন্ত সবকিছুই স্বপ্নের মতো মনে হচ্ছে। নিউজিল্যান্ডে আমি যে ভূমিকায় খেলি, এখানে ভূমিকাটা কিছুটা আলাদা।

তিনি আরও যোগ করেন, 'আমার লক্ষ্য ছিল বর্তমান নিয়ে মনোযোগী থাকা এবং সামনে যা আসছে তা উপভোগ করা। তৃতীয় ওয়ানডে ম্যাচের ইনিংসটি নিয়ে আমি নিজেই কিছুটা অবাক ছিলাম। তবে কাল একটি নতুন ম্যাচ এবং আমি চাই দলের জয়ে অবদান রাখতে।'

আরো পড়ুন: