এমন ইনিংস খেলার পথেই নিজের খেলা তৃতীয় বলে নো লুক শটে ছক্কা হাঁকান শামীম। যেটিকে আসলে পুল-হুক-স্কুপের মাঝামাঝি কিছু বলা যায়। চোখের পলকে কিপারের পেছন দিয়ে সেটি ছক্কা হয়ে যায়। আন্তর্জাতিক ক্রিকেটেও এমন শট খুব বেশি দেখা যায় না। এমন শটের পর শামীমকে নিয়ে সিরিজের শেষ টি-টোয়েন্টির আগে সতর্ক নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড দলের অলরাউন্ডার ডিন ফক্সক্রফট জানিয়েছেন শামীম শেষের দিকে এসে কিউই বোলারদের চাপে ফেলে দিয়েছিলেন। এই জায়গায় তার দলের বোলারদের উন্নতির সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি।
সংবাদ সম্মেলনে ফক্সক্রফট বলেন, 'সে ইনিংসের শেষ দিকে অসাধারণ একটি ইনিংস খেলেছেন যা আমাদের ডেথ বোলারদের চাপে ফেলে দিয়েছিল। এটি এমন একটি জায়গা যেখানে আমাদের আরও উন্নতি করতে হবে। সত্যি বলতে, আমাদের দলের অনেকেই আগে তার বিপক্ষে খেলেনি।'
বিশেষ করে শামীমের বিশেষায়িত শট আটকানোর পরিকল্পনা করছে কিউইরা। সেই বিষয়ে খোলাসা করে ফক্সক্রফট বলেন, 'আমরা এখন আমাদের স্কাউটিং বা বিশ্লেষণ সেরে ফেলেছি এবং আশা করছি কাল তার বিপক্ষে ভালো পরিকল্পনা নিয়ে নামতে পারব যাতে তার ওই শটগুলো আটকানো যায়।'
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কিউইদের ৬ উইকেটে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করতে পারত বাংলাদেশ। তবে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। ফলে সিরিজের শেষ ম্যাচে ঝুলে আছে সিরিজের ফলাফল। শেষ ম্যাচে জিততে সিরিজ বাংলাদেশের। অন্যদিকে নিউজিল্যান্ড জিতলে সিরিজ শেষ হবে সমতায়।