নাসির উদ্দিনের ব্যাটিং ঝড় ও সানির ৫ উইকেট, নায়ক অলরাউন্ডার রফিক

বাংলাদেশ ক্রিকেট
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
৫ চারের সঙ্গে ৬ ছক্কা— ১৫৮.৪ স্ট্রাইক রেটে নাসির উদ্দিন ফারুক খেললেন ৫৩ বলে ৮৪ রানের বিস্ফোরক ইনিংস। নাসিরের এমন ব্যাটিংয়ের দিনে হাফ সেঞ্চুরি পেয়েছেন মোহাম্মদ রফিকও। চারটি করে ছক্কা ও চারে ২৪ বলে খেলেছেন ৫০ রানের ইনিংস। ৯ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস খেলেছেন ডলার মাহমুদও। রফিক ও নাসিরের দুর্দান্ত ব্যাটিংয়ে ৫ উইকেটে ২১৩ রানের পুঁজি পায় বিসিবি লাল দল।

রান তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বিসিবি সবুজ দল। রফিক ও ইলিয়াস সানির স্পিনের সামনে দাঁড়াতেই পারেননি হান্নান সরকার, তুষার ইমরান, নাদিফ চৌধুরিরা। ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি করা রফিক বোলিংয়ে নিয়েছেন চারটি উইকেট। বাঁহাতি স্পিনার সানির শিকার পাঁচটি। তাদের দুজনের ঘূর্ণিতে মাত্র ৯০ রানে গুটিয়ে যায় বিসিবি সবুজ দল। স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে ১২৩ রানের বড় জয় পেয়েছে রফিক-মোহাম্মদ আশরাফুলদের লাল দল।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২১৪ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের প্রথম বলেই ফেরেন হান্নান। সুবিধা করতে পারেননি তুষার, নাদিফ, ফয়সাল হোসেন ডিকেন্সরা। তবে একপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন শাহরিয়ার নাফিস। যদিও ১৯ বলে ৩৩ রানের ইনিংস খেলে ফিরতে হয়েছে তাকে। পরবর্তীতে হাসানুজ্জামান ঝরু খেলেছেন ১৪ বলে ১৪ রানের ইনিংস। বিসিবি সবুজ দলকে ৯০ রানে গুঁড়িয়ে দেওয়ার দিনে সানি ২০ রানে ৫টি ও রফিক ১৮ রানে নিয়েছেন চারটি উইকেট।

এর আগে ব্যাটিংয়ে নেমে দ্রুতই মেহেরব হোসেন অপির উইকেট হারায় বিসিবি লাল দল। যদিও দ্বিতীয় উইকেটে ৬২ রানের জুটি গড়েছেন নাসির উদ্দিন ও আশরাফুল। তাদের দুজনের জুটি ভাঙেন তালহা জুবায়ের। ২২ বলে ২৫ রান করে আউট হয়েছেন আশরাফুল। অন্যপ্রান্তে ঝড়ো ব্যাটিং করতে থাকেন নাসির। দুর্দান্ত ব্যাটিংয়ে ৩০ বলে হাফ সেঞ্চুরি করেছেন বাঁহাতি এই ওপেনার। তাকে সঙ্গ দেওয়ার পাশাপাশি দ্রুত রান তুলতে থাকেন রফিকও।

পেয়েছেন হাফ সেঞ্চুরিও। ২৩ বলে পঞ্চাশ ছুঁয়েছে বাঁহাতি ব্যাটার আউট হয়েছেন ২৪ বলে ৫০ রান করে। রফিকের বিদায়ে ভাঙে নাসিরের সঙ্গে ৮০ রানের জুটি। শেষ দিকে ঝড় তোলেন ডলার। চারটি ছক্কায় ৯ বলে ২৭ রান করেছেন তিনি। ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে ৫৩ বলে ৮৪ রান করেছেন নাসির। বিসিবি সবুজ দলের হয়ে দুইটি উইকেট নিয়েছেন ফয়সাল ডিকেন্স।

আরো পড়ুন: