এবার বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন তিনি আশাবাদী কিউইদের বিপক্ষে মাঠে ফিরবেন সাকিব। দ্রুতই সাকিবের দেশে ফেরার সুখবর আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। বিশেষ করে আইনি জটিলতার কারণেই সাকিবের দেশে ফেরা আটকে আছে বলে জানিয়েছেন তিনি।
ক্রিকফ্রেঞ্জিকে ফাহিম বলেছেন, 'সাকিবকে নিয়ে আইনগত যেসব কাজ পরিচালিত হচ্ছে... বেশ দ্রুততার সাথে হচ্ছে আমি যতটুকু দেখছি, আমি যতটুকু জানি, সেই প্রেক্ষিতে আমার মনে হচ্ছে যে হয়তো আমরা সামনে কিছুদিনের মধ্যেই হয়তো দেখতেও পারি সাকিব দেশে ফিরে এসছে।'
সাকিব কতদিন খেলবেন বা কোন ফরম্যাটে খেলবেন এসব বিষয় নির্বাচকদের হাতেই ছেড়ে দিয়েছেন ফাহিম। দেশে ফেরার পথ সুগম হলে এই ব্যাপারে সাকিবেরও মতামত নেয়া হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি ক্রিকেট বোর্ডও সব কিছু চিন্তা করে পরিকল্পনা সাজাবে বলে মনে করেন এই বিসিবি পরিচালক।
তিনি যোগ করেন, 'সাকিবের দলে খেলা বা সে কতদিন খেলবে বা কতটুকু খেলবে বা কোন ফরম্যাটে খেলবে সেই বিষয়গুলো আসবে। সেখানে নির্বাচকদের ব্যাপার থাকবে, সেখানে টিম ম্যানেজমেন্টের ব্যাপার থাকবে, তারপর সাকিবের নিজস্ব মতামত থাকবে, ক্রিকেট বোর্ডের মতামত থাকবে সবকিছু মিলিয়ে সেই সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে। তবে মূল কথা হচ্ছে যে দল আগে, দলের স্বার্থটা সবচাইতে প্রথমে আমরা দেখব, তারপরে অন্যগুলো।'
১৭, ২০ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ। এরপর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ২৭, ২৯ এপ্রিল ও ২ মে। এর মধ্যেই সাকিব চলে আসতে পারবেন বলে ধারণা ফাহিমের। তার চাওয়া সাকিব দলে ফিরুক এবং বাংলাদেশ দলের হয়ে পারফর্ম করুক।
তিনি বলেন, 'আমি আশা করছি যে ওই সময়ের মধ্যে হয়তো চলে আসতে পারবে। আসলে হয়তো... আমি ইতিবাচকভাবেই দেখব, আমি চাইব ও আসুক, ব্যাপারটা যেন এমন হয় ও দলে থাকলে দলে মান যুক্ত হবে এবং সেরকম একটা পরিস্থিতি আসলে অবশ্যই ও দলে সুযোগও পাবে।'