বাগে পেয়েও শ্রীলঙ্কাকে হারাতে পারল না বাংলাদেশ

নারী এশিয়া কাপ
এশিয়ান ক্রিকেট কাউন্সিল
এশিয়ান ক্রিকেট কাউন্সিল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মারুফা আক্তার ও সুলতানা খাতুনের দুর্দান্ত বোলিংয়ে ৪৪ রানেই ৫ উইকেট নেই শ্রীলঙ্কার। পঞ্চাশের আগেই পাঁচ উইকেট হারানো লঙ্কানদের বিপক্ষে সহজেই জেতার কথা ছিল বাংলাদেশের। তবে বাগে পেয়েও চামারি আতাপাত্তুর শ্রীলঙ্কাকে হারাতে পারেনি বাংলাদেশের মেয়েরা। নিগার সুলতানা জ্যোতিদের হাতের মুঠোয় থাকা ম্যাচ একাই বের করে নিয়ে গেছেন হার্শিতা সামারাবিক্রমা।

বাঁহাতি ব্যাটারের অপরাজিত ৪৮ রানের ইনিংসে ৪ উইকেটের জয় পেয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে তারা। সেরা চারে যেতে হলে শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারাতেই হবে বাংলাদেশকে। ২০১২ সালের পর এখনো পর্যন্ত নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারাতে পারেননি জ্যোতিরা। তাতে লঙ্কান জুজুও কাটাতে পারল না বাংলাদেশের মেয়েরা।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রান তাড়ায় শুরুটা ভালো করতে পারেনি শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশকে উইকেট এনে দেন মারুফা। ডানহাতি পেসারের ফুলার লেংথ ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে খেলার চেষ্টায় স্লিপে ফাহিমা খাতুনকে ক্যাচ দিয়েছেন চামারি আতাপাত্তু। নিজের দ্বিতীয় ওভারে ইমিশা দুলানিকে ফেরান মারুফা। ডানহাতি পেসারের স্লোয়ার ডেলিভারিতে বোল্ড হয়েছেন ইমিশা।

১১ বলে ১২ রান করেছেন ডানহাতি ওপেনার। পাওয়ার প্লে শেষের আগে সানজানা কাভিন্দিকে ফেরান সুলতানা খাতুন। ডানহাতি অফ স্পিনারের বলে সুইপ করতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন সানজানা। একটু পর আউট হয়েছেন ভিশমী গুনারত্নে। রিতু মনির বলে বড় শট খেলার চেষ্টায় ফাহিমাকে ক্যাচ দিয়েছেন তিনি। শ্রীলঙ্কার রান পঞ্চাশ হওয়ার আগে কাভিশা দিলহারিও ফেরেন।

ফাহিমার সরাসরি থ্রোতে রান আউট হয়েছেন তিনি। ৪৪ রানে ৫ উইকেট হারানোর পর নিলাকশি ডি সিলভা ও হার্শিতা সামারাবিক্রমা মিলে জুটি গড়ার চেষ্টা করেন। তাদের দুজনের ৩৮ রানের জুটি ভাঙেন মারুফা। ডানহাতি পেসারের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন ১৮ রান করা নিলাকশি। তবে অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলে লঙ্কানদের জয় নিশ্চিত করেন হার্শিতা। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নিয়েছেন মারুফা।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছিলেন জুয়াইরিয়া ফেরদৌস ও দিলারা আক্তার। তবে তাদের দুজনের জুটি বড় হতে দেননি সুগান্ধিকা কুমারির। তিন চারে আক্রমণাত্বক ব্যাটিংয়ের আভাস দিলেও ইনিংস বড় করতে পারেননি জুয়াইরিয়া। বাঁহাতি স্পিনারের বলে ক্যাচ দিয়েছেন ১০ বলে ১৬ রান করে। রানের দেখা পেয়েছেন দিলারাও।

ডানহাতি ওপেনারও ইনিংস বড় করতে পারেননি। চামুদি প্রাবোদার বলে সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ দেন তিনি। চারটি চারে ২৬ বলে ২৬ রান করেন দিলারা। চারে নেমে সুবিধা করতে পারেননি জ্যোতি। ৯ বলে ৪ রান করে কাভিশা দিলহারির বলে লেগ বিফোর উইকেট হয়েছেন বাংলাদেশের অধিনায়ক।

৫২ রানে ৩ উইকেট হারানোর পর স্বর্ণা ও সোবহানা মিলে বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা করেন। ৪১ বলে ৩৪ রানের ইনিংস খেলা সোবহানাকে ফিরিয়ে জুটি ভাঙেন চামুদি। একটু পর ফেরেন স্বর্ণাও। বাঁহাতি স্পিনারের বলে তারই হাতে ক্যাচ দিয়েছেন ৯ রান করা এই ব্যাটার। শেষের দিকে ফাহিমা ১৪ রান করলে ১১৪ রানের পুঁজি পায় বাংলাদেশের মেয়েরা। শ্রীলঙ্কার হয়ে চামুদি তিনটি ও সুগান্ধিকা দুইটি উইকেট পেয়েছেন।

আরো পড়ুন: