৫ জুলাইয়ের ফাইনালে অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পেয়েছেন জ্যাকুলিন উইলিয়ামস ও বৃন্দা রাঠি। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পঞ্চম ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে উইলিয়ামসকে। ১২ জুন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ছিলেন তিনি।
এ ছাড়া সাউথ আফ্রিকা ও ইংল্যান্ডের সেমিফাইনাল, অস্ট্রেলিয়া এবং ভারত ম্যাচেও দায়িত্বে ছিলেন উইলিয়ামস। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন তিনি। এর আগে ২০২৩ সালে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার মধ্যকার ফাইনালের দায়িত্বে ছিলেন তিনি।
প্রথমবারের মতো ফাইনালে অনফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে বৃন্দাকে। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনাল এবং ইংল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচেও ছিলেন তিনি। তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্ব পেয়েছেন কিম কটন। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন নিমালি পেরেরা।
ম্যাচ রেফারির দায়িত্ব পেয়েছেন জিএস লাক্সমী। ইংল্যান্ড-শ্রীলঙ্কার উদ্বোধনী ম্যাচ ও নিউজিল্যান্ডের বিপক্ষে লঙ্কানদের ৫ উইকেটের জয়ের ম্যাচের দায়িত্বে ছিলেন তিনি। সাউথ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে উঠেছে স্বাগতিক ইংল্যান্ড। বিপরীতে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া সেমিফাইনালে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে।