ভারতের বিপক্ষে বাংলাদেশের লড়াকু পুঁজি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
আইসিসি
আইসিসি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
উইকেটে স্পিনারদের জন্য বাড়তি সুবিধা থাকায় ব্যাটারদের জন্য কাজটা একেবারেই সহজ হবে না। বাংলাদেশ ও ভারতের ম্যাচ শুরুর আগে স্টার স্পোর্টসের শোতে ঝুলন গোস্বামী জানান, ১৩০ থেকে ১৫০ রানের মাঝে করতে পারলে সেটা চ্যালেঞ্জিং পুঁজি হতে পারে। জুয়াইরিয়া ফেরদৌস, সোবহানা মোস্তারি ও নিগার ‍সুলতানা জ্যোতির ব্যাটে ৮ উইকেটে ১৩৬ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশের মেয়েরা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই দিলারা আক্তারের উইকেট হারিয়েছে বাংলাদেশ। রেনুকা সিংয়ের শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে শ্রী চারানির হাতে ক্যাচ দিয়েছেন দিলারা। ৮ বলে ৪ রান করে ফিরেছেন ডানহাতি এই ওপেনার। পাওয়ার প্লেতে আরও কয়েকটি উইকেট হারাতে পারতো বাংলাদেশের মেয়েরা। তবে চারটি ক্যাচ উঠলেও সেগুলো লুফে নিতে পারেনি ভারত।

পাওয়ার প্লের বাকিটা সময় অনায়াসে কাটিয়েছেন জুয়াইরিয়া ও সোবহানা। তাদের দুজনের ব্যাটিংয়ে ১ উইকেটে ৪০ রান তোলে বাংলাদেশ। পাওয়ার প্লে শেষে দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন তারা দুজন। তবে জুয়াইরিয়াকে ফিরিয়ে জুটি ভাঙেন নন্দিনী শর্মা। ডানহাতি পেসারের বলে সোজা ব্যাটে খেলতে গিয়ে তারই হাতে ক্যাচ দিয়েছেন তিনি। ৫ চারে ৩১ বলে ৩৩ রান করে ফিরতে হয়েছে বাংলাদেশের ওপেনারকে।

বাংলাদেশের রান বাড়ানোর চেষ্টা করলেও একটু পরই ফিরতে হয় সোবহানাকে। রাধা যাদবের বলে ডাউন দ্য উইকেটে এসে এক্সট্রা কভারের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন তিনি। তবে টাইমিংয়ে গড়বড় হওয়ায় মিড অফে ক্যাচ দিয়ে ফিরতে হয় ২৬ বলে ২২ রান করা সোবহানাকে। এরপর বাংলাদেশের হাল ধরেন জ্যোতি। ব্যাটিংয়ে ভালো শুরুও পেয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক।

যদিও যখন রান তোলা প্রয়োজন তখনই ডাউন দ্য উইকেটে এসে বড় শট খেলার চেষ্টায় আউট হয়েছেন তিনি। ২৭ বলে ৩২ রান করেছেন জ্যোতি। শেষের দিকে শারমিন আক্তার সুপ্তা ১২ বলে ১০, রিতু ৪ বলে ৮ এবং স্বর্ণা আক্তার ১০ বলে ১৩ রান করেছেন। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৩৬ রানের পুঁজি পায় বাংলাদেশ। ভারতের মেয়েদের হয়ে রাধা তিনটি ও চারানি দুইটি উইকেট নিয়েছেন।

আরো পড়ুন: