২৪ বছর ধরে অধরা ভারত জয়, হোপ বললেন ‘আসল পরীক্ষা’ এবার

ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
শাই হোপ, ফাইল ফটো
শাই হোপ, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারতের বিপক্ষে তিন ম্যাচের এক দিনের সিরিজ শুরুর আগে কঠিন চ্যালেঞ্জের কথা স্বীকার করেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। আজ থেকে থিরুবনন্তপুরমে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। দুই দশক ধরে ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজে জয় নেই ওয়েস্ট ইন্ডিজের।

ভারতের মাটিতে সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ জয়ের পরও পেরিয়ে গেছে ২৪ বছর। বর্তমানে এক দিনের র‍্যাঙ্কিংয়ে দশম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সামনে তাই কঠিন পরীক্ষা। তবে ভারতের বিপক্ষে খেলাকেই নিজেদের অবস্থান যাচাইয়ের সুযোগ হিসেবে দেখছেন হোপ।

ভারতের মাটিতে খেলা নিয়ে হোপ বলেন, 'ভারতের বিপক্ষে তাদের মাঠে খেলা সবসময়ই চ্যালেঞ্জের। আমাদের অবশ্যই এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। এখানে এলে আপনি সেরাদের বিপক্ষে খেলার প্রত্যাশা করবেন। দল হিসেবে আমরা কোথায় আছি, সেটি বোঝার জন্য এটি দারুণ একটি পরীক্ষা।'

তিনি আরও বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে আপনি সেরাদের বিপক্ষে খেলতে চান। তারা যখন নিজেদের কন্ডিশনে খেলে, তখন আসল পরীক্ষাটা হয়। আমরা অবশ্যই এটির অপেক্ষায় আছি এবং এটি আমাদের জন্য রোমাঞ্চকর হতে যাচ্ছে।'

ভারতের কন্ডিশনে মানিয়ে নেয়াকে সিরিজের গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখছেন হোপ। নিজেরও অবশ্য ভারতে ভালো রেকর্ড রয়েছে। দেশটিতে ১১টি এক দিনের ম্যাচ খেলে ৫১২ রান করেছেন তিনি, যেখানে রয়েছে দুটি শতক ও দুটি অর্ধশতক। তার গড় ৫৬.৮৮।

কন্ডিশন অনুযায়ী ব্যাটিংয়ের ধরন বদলানোর ওপর গুরুত্ব দিয়ে হোপ বলেন, 'নিজেকে সেরা অবস্থায় রাখার জন্য আমি অনেক চেষ্টা করি। এর একটি গুরুত্বপূর্ণ দিক হলো মানিয়ে নেয়া। ভিন্ন কন্ডিশন ও ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে মানিয়ে নিতে হয়। ভারতে আপনাকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা ক্যারিবিয়ানে খেলার চেয়ে ভিন্নভাবে ব্যাট করতে হবে।'

২০২৫ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রানও হোপের। এই সময়ে ৫১.১১ গড়ে ৮৬৯ রান করেছেন তিনি। সিরিজের আগে নিজেদের প্রস্তুতি ও প্রতিপক্ষ বিশ্লেষণে খুঁটিনাটির দিকে নজর দেয়ার কথাও জানিয়েছেন তিনি।

আরো পড়ুন: