ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোর খবর অনুযায়ী, সতীর্থ পেসার মোহাম্মেদ সিরাজের লাফিয়ে ওঠা একটি বল গিলের কনুইয়ে আঘাত করে। ব্যথায় সঙ্গে সঙ্গে সরে যান তিনি। পরে দলের চিকিৎসাকর্মীরা তার শুশ্রূষা শুরু করেন। সিরাজের পাশাপাশি পাশের নেটে থাকা বিরাট কোহলিও ছুটে আসেন গিলের খোঁজ নিতে।
এরপর নেটের অন্য প্রান্তে গিয়ে কনুই চেপে ধরে বসে পড়েন গিল। ভারত দলের কর্মীরা তার হাতে ব্যান্ডেজ বেঁধে দেন। এরপর আর ব্যাটিংয়ে নামেননি তিনি। তবে পরে গুরনুর ব্রারের সঙ্গে হাসি-ঠাট্টা করতে দেখা গেছে তাকে এবং মাঠ ছাড়ার সময়ও খুব বেশি অস্বস্তিতে মনে হয়নি।
২৭ সেপ্টেম্বর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে ভারত। ম্যাচের আগে গিলের হাতে রয়েছে ২৪ ঘণ্টার কিছু বেশি সময়। এর আগে শ্রীলঙ্কা সফরেও চোটের শঙ্কায় পড়েছিলেন তিনি। নেটে ব্যাটিংয়ের সময় আঙুলে আঘাত পেলেও পরে সুস্থ হয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলেছিলেন।
গিলের কনুইয়ের চোট নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিসিআই। গিল শেষ পর্যন্ত খেলতে না পারলে তার জায়গায় একাদশে দেখা যেতে পারে ইয়াশভি জয়সাওয়ালকে।