সিরিজ নির্ধারণী ম্যাচে থাকছেন না বাটলার

ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজ
জস বাটলার, ফাইল ফটো
জস বাটলার, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হারের পর আরও বড় ধাক্কা খেল ইংল্যান্ড। চোটের কারণে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলতে পারবেন না অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার জস বাটলার। তার অনুপস্থিতিতে একাদশে সুযোগ পেতে পারেন জর্ডান কক্স।

হেডিংলিতে বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে রান নেয়ার সময় বাম হ্যামস্ট্রিংয়ে চোট পান বাটলার। প্রাথমিক চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পারেননি। দুটি বল খেলার পর খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। পরে দলের প্রয়োজনে ৪৮তম ওভারে আবার ব্যাটিংয়ে নামলেও ইংল্যান্ডকে জেতাতে পারেননি।

৪৯ বলে পাঁচটি করে চার ও ছক্কায় ৬৯ রান করেন বাটলার। গত তিন বছরের মধ্যে ওয়ানডেতে এটিই তার সর্বোচ্চ ইনিংস। তবে তার এই রানও ইংল্যান্ডের হার এড়াতে পারেনি। ১৬ রানে জিতে সিরিজে সমতা ফেরায় শ্রীলঙ্কা।

প্রথম ওয়ানডেতে ৮৯ রানে জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। ফলে ওভালে আগামী রবিবারের (২৭ সেপ্টেম্বর) তৃতীয় ওয়ানডে হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী ম্যাচ। সেখানে বাটলারকে ছাড়া মাঠে নামতে হবে স্বাগতিকদের।

বাটলারের জায়গায় একাদশে ঢোকার দৌড়ে আছেন জর্ডান কক্স। প্রথম দুই ওয়ানডেতে খেলার সুযোগ না পাওয়া এই ব্যাটার এবার একাদশে ফিরতে পারেন। আর তার বিকল্প হিসেবে দলে ডাকা হয়েছে ড্যান লরেন্সকে, যিনি এখনও সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে অভিষেক করেননি।

৩৬ বছর বয়সী বাটলার গত কয়েক বছরে একাধিকবার চোটের সমস্যায় পড়েছেন, যার বেশিরভাগই ছিল পায়ের পেশিতে। ২০২৪ সালের আইপিএলেও বাম হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন তিনি। এবারের চোট কতটা গুরুতর, তা এখনও জানা যায়নি; আগামী কয়েক দিনে সেটি স্পষ্ট হতে পারে।

আরো পড়ুন: