২০২৫ সালের ২৫ আগষ্ট রবিনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এর আগে ২০২৪ সালের মার্চ মাসে ব্রিক্সটনে এক নারীকে ধর্ষন করেছেন তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠে। ওয়ান-ডে কাপে মিডলসেক্সের বিপক্ষে প্রথমবার মূল দলের হয়ে খেলার দুদিন পর ২৩ জুলাই তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
এ প্রসঙ্গে মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ‘ওয়ালথাম ফরেস্টের কুইন্স রোডের বাসিন্দা রবিন দাসের বিরুদ্ধে ২৩ জুলাই ২০২৬ তারিখে দুইটি ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। ২০২৪ সালের ৩০ মার্চ ব্রিক্সটনের এক নারীকে ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে ২৫ আগষ্ট ২০২৫ তারিখ তাকে গ্রেপ্তারের পর এই অভিযোগগুলো আনা হয়। ওই নারীকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন।’
২০২০ সালে এসেক্সের হয়ে অভিষেক হয় রবিনের। এখনো পর্যন্ত কাউন্টি ক্রিকেটে নয়টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। ২০২৩ সালে আয়ারল্যান্ড সফরে সেঞ্চুরিও করেছিলেন ইংলিশ এই ব্যাটার। একই মৌসুমে এসেক্সের দলেও সুযোগ মিলে তার। সেবার টি-টোয়েন্টি ব্লাস্টের ফাইনালে সমারসেটের কাছে হেরেছিল এসেক্স। এ ছাড়া ২০২২ সালে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার লর্ডস টেস্টে অতিরিক্ত ফিল্ডার হিসেবে মাঠে নেমেছিলেন তিনি।
বাংলাদেশের ক্রিকেটেও বেশ পরিচিত রবিন। ২০০২ সালে ইংল্যান্ডের লেটোনস্টোনে জন্ম নেওয়া ব্যাটারের বাবা মৃদুল দাসের জন্ম বাংলাদেশের সুনামগঞ্জে। রবিন পড়াশোনা করেছেন বেন্টউড শহরে। ২০২০ সালে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে ছিলেন তিনি। এ ছাড়া ২০২৩ বিপিএলে ঢাকা ডমিনেটর্সের হয়ে দুইটি ম্যাচও খেলেছিলেন রবিন।