সবশেষ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে পারেনি আফগানিস্তান। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। দল হিসেবে ভালো করতে না পারায় টি-টোয়েন্টি দলের নেতৃত্ব হারাতে পারেন রশিদ, এমন গুঞ্জন ছিল আগে থেকেই। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হয়েছে। ভারত সিরিজের আগে রশিদকে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেব ইব্রাহিমকে বেছে নেয় বোর্ড।
অধিনায়কত্ব হারানো নিয়ে ক্রিকইনফোকে রশিদ বলেন, ‘এমনকি আমি জানতাম না তখন আসলে কী হয়েছে। বোর্ড যখন (অধিনায়ক পরিবর্তনের) ঘোষণা দিয়েছে তখনই আমি জানতে পেরেছি।’
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভালো করতে না পারলেও রশিদের অধীনে ইতিবাচক ঘটনা রয়েছে। প্রথমবারের মতো ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে আফগানিস্তান। এ ছাড়া রশিদের নেতৃত্বে ৪৮ ম্যাচের মধ্যে ২৬টিতে জয় পেয়েছে তারা। শতাংশের হিসেবে শুধু মাত্র আসগর আফগানের রশিদের চেয়ে ভালো জয়ের হার রয়েছে।
রশিদ বলেন, ‘আমার নেতৃত্বে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছি, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছি। কিন্তু কখনো কখনো কিছু জিনিস আপনার নিয়ন্ত্রণে থাকে না। কিন্তু আমি এখন সামনে এগিয়ে গেছি। আমি অধিনায়ক হই বা না হই আফগানিস্তানকে প্রতিনিধত্ব করতে পারছি এটাই গর্বের বিষয়। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করছি। আমার নিয়ন্ত্রণের মধ্যে যেটা আছে সেটা করে আফগানিস্তানের হয়ে ভালো করতে চাই এবং জেতাতে চাই।’
জাদরানের অধীনে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে আফগানিস্তান। তবে যেখানে একেবারেই পাত্তা পায়নি তারা। তিন ম্যাচের সবকটিতে হেরে হোয়াইটওয়াশ হয়েছে আফগানরা। রশিদ ৯.৮২ ইকনোমি রেটে ১১৩ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন।