ব্রুকের প্রতিভার ধারেকাছেও নেই পিটারসেন, বলছেন স্টোকস

ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজ
কেভিন পিটারসেন ও হ্যারি ব্রুক, ফাইল ফটো
কেভিন পিটারসেন ও হ্যারি ব্রুক, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
হ্যারি ব্রুকের ব্যাটিং প্রতিভা নিয়ে ইংল্যান্ডের ক্রিকেটে আলোচনা নতুন নয়। তিন ফরম্যাটেই ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে আলাদা করে চেনানো এই ব্যাটার এবার পেলেন বেন স্টোকসের কাছ থেকে বড় প্রশংসা। সাবেক ইংল্যান্ড অধিনায়কের মতে, প্রতিভার বিচারে ব্রুকের ধারেকাছেও নাকি নেই কেভিন পিটারসেন।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্রুকের ব্যাটিং দেখেই এমন মন্তব্য করেছেন স্টোকস। সাউথ্যাম্পটনে ৪৯ বলে অপরাজিত ১১৪ রানের ইনিংসে ১০টি চার ও ছয়টি ছক্কা মেরেছেন ব্রুক। তার বিধ্বংসী ব্যাটিংয়ে ২০ ওভারে ২৫৪ রান তোলে ইংল্যান্ড, পরে ম্যাচটি জেতে ১১৯ রানে।

ব্রুকের ইনিংস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্টোকস লিখেন, 'আমার মনে হয় না, প্রতিভার দিক থেকে কেপির মতো জিনিয়াসও হ্যারি ব্রুকের প্রতিভার কাছাকাছি আসতে পারবে।'

আধুনিক যুগে ইংল্যান্ডের অন্যতম প্রতিভাবান ব্যাটার হিসেবে বিবেচিত পিটারসেন। আক্রমণাত্মক ব্যাটিং ও দুর্দান্ত স্ট্রোকের মাধ্যমে ইংলিশ ক্রিকেটে নিজের আলাদা পরিচয় তৈরি করেছিলেন তিনি। সেই পিটারসেনকে ছাড়িয়ে ব্রুককে দেখার স্টোকসের মন্তব্য তাই বেশ বড় স্বীকৃতিই।

শুধু প্রশংসাতেই থামেননি স্টোকস। ব্রুকের মতো প্রতিভাবান ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে অতিরিক্ত সমালোচনা না করার কথাও বলেছেন তিনি, 'এই ধরনের ক্রিকেটারদের ভালো-মন্দ সব দিনেই প্রশংসা করা কি সত্যিই এত কঠিন? এমন সব কাজের জন্য তাদের তিরস্কার করাও বন্ধ করা উচিত, যা আমরা কখনো করার কথা ভাবতেও পারি না।'

সাবেক সতীর্থকে সরাসরি প্রশংসা করে স্টোকস আরও লিখেন, 'তুমি একদম একটা অদ্ভুত প্রতিভা, হ্যারি। তোমার খেলা দেখাটা দারুণ।'

আরো পড়ুন: