শেষ ম্যাচে সূর্যবংশীকে খেলানোর ইঙ্গিত আইয়ারের

আফগানিস্তান-ভারত সিরিজ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। দ্বিতীয় ম্যাচে দাপুটে জয়ের পর দলের পারফরম্যান্সে সন্তুষ্ট অধিনায়ক শ্রেয়াস আইয়ার। জয়ের কৃতিত্ব সতীর্থদের দিয়ে তিনি জানিয়েছেন, এশিয়ান গেমসের প্রস্তুতিও সঠিক পথেই এগোচ্ছে।

দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল ভারতের হাতে। ব্যাটিং ও বোলিং- দুই বিভাগেই কার্যকর পারফরম্যান্স দেখিয়ে আফগানিস্তানকে সাত উইকেটে হারায় তারা। সিরিজের শেষ ম্যাচ সামনে রেখে তাই স্বস্তিতেই ভারতীয় শিবির।

জয়ের পর আইয়ার বলেন, 'আমরা দাপট দেখিয়ে ম্যাচ জিততে পছন্দ করি। ঠিক সেটাই করতে পেরেছি। উত্থান-পতন থাকেই। তার মধ্যে ভারসাম্য রাখাটা জরুরি। অতীত নিয়ে আমরা খুব একটা ভাবি না। মাঠের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই।'

সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় শেষ ম্যাচে একাদশে পরিবর্তনের আভাসও দিয়েছেন ভারত অধিনায়ক। সেক্ষেত্রে প্রথম দুই ম্যাচে না খেলা বৈভব সূর্যবংশী খেলতে পারেন শেষ ম্যাচে।

আইয়ারের ভাষায়, 'তৃতীয় ম্যাচের দলে আমরা কিছু পরিবর্তন করতে পারি। আমরা চাই সকলে খেলার মধ্যে থাকুক। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ পাক। যারা নিয়মিত অনুশীলন করছে কিন্তু বাইরে বসে রয়েছে, ওদের খেলানোর একটা ভালো সুযোগ রয়েছে। আমরা সুযোগটা কাজে লাগাতে চাই।'

আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১৭ সেপ্টেম্বর। সিরিজের ফল নির্ধারিত হয়ে যাওয়ায় ওই ম্যাচে নিয়মিতদের কয়েকজনকে বিশ্রাম দিয়ে বেঞ্চের ক্রিকেটারদের পরখ করতে পারে ভারত।

এদিকে দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে দ্বিতীয় ম্যাচেই ম্যাচসেরার পুরস্কার জিতেছেন নীতীশ কুমার রেড্ডি। নিজের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, 'আমার সব সময় লক্ষ্য থাকে অলরাউন্ডার হিসাবে পারফর্ম করা। মাঠে ফিরে আবার সেটা করতে পারছি। ভালো লাগছে। বল হাতে উইকেট পাচ্ছি। প্রত্যাশিত গতিতে বল করতে পারছি। দলকে সাহায্য করতে পারছি।'

আরো পড়ুন: