সুতারের বলে গালি অঞ্চলের দিকে খেলা উদারার ক্যাচটি ডান হাতে নেন জুরেল। প্রথম দেখায় সেটি সহজ ক্যাচ মনে হলেও রিপ্লেতে দেখা যায়, ক্যাচ নেওয়ার সময় বলের নিচে জুরেলের আঙুল ছিল কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। শেষ পর্যন্ত তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে আউট হন উদারা। ৫৮ বলে ১৬ রান করে ফেরেন তিনি।
তবে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার ও ধারাভাষ্যকার রাসেল আর্নল্ড। রিপ্লেতে তার মনে হয়েছে, জুরেলের হাত সামনে যাওয়ার সময় বলের একটি অংশ মাটিতে স্পর্শ করেছিল।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে রাসেল বলেন, ‘বলটা কিছুটা সময় মাটির ওপর দিয়ে এগিয়ে গেছে। ধীরগতির রিপ্লেতে দেখলে মনে হচ্ছে, আঙুলগুলো পেছনের দিকে চলে গেছে এবং বলের সামনের অংশ মাটিতে লেগেছিল।’
উদারাও সিদ্ধান্তে পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না। আউট হওয়ার পর সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েননি তিনি। ক্যাচটি বৈধ কি না, তা নিয়ে তার মধ্যেও সংশয় দেখা যায়। শেষ পর্যন্ত অবশ্য তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে।
ম্যাচে প্রথম ইনিংসে ৪৬২ রান করে ভারত। জবাবে শ্রীলঙ্কা ২৮৪ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১৯৩ রান করে ভারত। ফলে জয়ের জন্য শ্রীলঙ্কার সামনে লক্ষ্য দাঁড়ায় ২৮৮ রান। চতুর্থ দিনে মোহাম্মদ সিরাজ, মানব সুতার ও প্রসিধ কৃষ্ণ উইকেট নিয়ে ভারতকে জয়ের পথে এগিয়ে রাখেন। উদারার বিতর্কিত আউটের পর আরও চাপে পড়ে শ্রীলঙ্কা।