বাবর আজম অপরাজিত ৫৮ রান করলেও অন্য প্রান্তে একের পর এক ব্যাটারের বিদায়ে ম্যাচে ফেরার সুযোগই পায়নি পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেইডেন সিলস ছিলেন সবচেয়ে সফল। ডানহাতি এই পেসার ২০ রানে ৫ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন কেমার রোচ, শামার জোসেফ ও জাস্টিন গ্রিভস।
এই নিয়ে দেশের বাইরে টানা ৮ টেস্টে হারের স্বাদ পেয়েছে পাকিস্তান। এদিকে চতুর্থ দিনের শুরুতে অষ্টম উইকেটে শামার জোসেফ ও কেমার রোচ ওয়েস্ট ইন্ডিজের লিড দুইশ পার করেন। আগের দিন ১৫৫ রানের লিড নিয়ে দিন শেষ করা স্বাগতিকরা সকালে আরও কিছু রান যোগ করে পাকিস্তানের সামনে ২১১ রানের লক্ষ্য দাঁড় করায়।
এরপর পাকিস্তান নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই সুবিধা করতে পারেনি। তারা শুরুতেই হারায় ইমাম উল হকের উইকেট। তাকে ফিরিয়ে দেন কেমার রোচ। এরপর আজান আওয়াইস ও সালমান আঘাকেও দ্রুত বিদায় করে সফরকারীদের চাপে ফেলে দেন সিলস। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা অধিনায়ক শান মাসুদ আঙুলে চোট নিয়ে স্বাভাবিক ব্যাটিং পজিশনে নামতে পারেননি।
পরে ব্যাট হাতে নামলেও ডান হাতের ভাঙা আঙুলের কারণে স্পষ্ট অস্বস্তিতে ছিলেন। কার্যত এক হাতেই ব্যাটিং করা মাসুদ শেষ পর্যন্ত সহজ ক্যাচ দিয়ে ফিরেন মাত্র ৩ রান করে। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া জাস্টিন গ্রিভস দ্বিতীয় ইনিংসেও দারুণ বোলিং করেন। মোহাম্মদ রিজওয়ানকে বোল্ড করার পর আমের জামালকেও এলবিডব্লিউ করে পাকিস্তানের ব্যাটিং অর্ডার আরও ধসিয়ে দিতে বড় ভূমিকা রাখেন।
আলী উসমানকে আউট করেছেন রোচ। টিকতে পারেননি খুররম শেহজাদ ও মোহাম্মদ আলী। পরপর দুজনের বিদায়ে একশর নিচেই অল আউটের শঙ্কা জাগে পাকিস্তানের। ৭১ রানে ৯ উইকেট হারানো পাকিস্তান বাবর ও মোহাম্মদ আব্বাসের ৪৯ রানের জুটিতে একশ পার করতে পারেন। চা বিরতির পর সিলসের এলবিডব্লিউর ফাঁদে পড়ে আব্বাস আউট হলে পাকিস্তানের ইনিংস শেষ হয় ১২০ রানে।
এর আগে ম্যাচে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩১১ রান তোলে। শাই হোপ ৯২ ও কার্ক ম্যাকেঞ্জির বদলি হিসেবে সুযোগ পাওয়া হজ ৮৪ রান করেন। পাকিস্তানের হয়ে আলী নেন ৪ উইকেট। জবাবে শান মাসুদের ১০৯ ও ইমাম উল হকের ৬৩ রানে পাকিস্তান ২৮২ রান করে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জাস্টিন গ্রিভস ২৭ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনেন। দ্বিতীয় ইনিংসে ১৮১ রানে অল আউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে প্রথম ইনিংসের লিড তাদের শক্ত অবস্থান তৈরি করে দেয়।