বিশ্বকাপ লিগ-২ এর জন্য নেদারল্যান্ডস দল ঘোষণা

নেদারল্যান্ডস ক্রিকেট
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইসিসি বিশ্বকাপ লিগ-২-এর পরবর্তী পর্বকে সামনে রেখে অলরাউন্ডার টিম প্রিংগল ও সাকিব জুলফিকারকে দলে ফিরিয়েছে নেদারল্যান্ডস। উট্রেখটের কামপংয়ে অনুষ্ঠিত এই পর্বে নেপাল ও নামিবিয়ার বিপক্ষে চারটি ওয়ানডে খেলবে ডাচরা।

২৯ বছর বয়সী সাকিব জুলফিকার নিচের সারির ব্যাটার এবং লেগ স্পিনার। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর এই প্রথম জাতীয় দলে ফিরলেন তিনি। এখন পর্যন্ত ১৫টি ওয়ানডে খেলেছেন জুলফিকার। অন্যদিকে, বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার টিম প্রিংগল সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২২ সালে, রটারডামে পাকিস্তানের বিপক্ষে।

দলের নেতৃত্বে থাকছেন স্কট এডওয়ার্ডস। ১৫ সদস্যের দলে রয়েছেন অভিজ্ঞ ম্যাক্স ও'ডাউড, বিক্রমজিৎ সিং, বাস ডি লিডে, লোগান ভ্যান বিক, রুলফ ভ্যান ডার মারভে, কাইল ক্লেইন ও আরিয়ান দত্তর মতো ক্রিকেটাররা।

অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হেইনো কুহন বলেন, ‘অভিজ্ঞতা, দারুণ ফর্মে থাকা ক্রিকেটার এবং চোট কাটিয়ে ফেরা খেলোয়াড়দের সমন্বয়ে আমরা ভারসাম্যপূর্ণ একটি দল গড়েছি। এতে আমাদের দলে গভীরতা ও মান দুটোই বেড়েছে। তাই যে একাদশই মাঠে নামুক, সেটি শক্তিশালী হবে বলে আমি আত্মবিশ্বাসী।’

প্রতিপক্ষদের নিয়েও সতর্ক কুহন। তিনি বলেন, ‘গত ১২ মাসে নেপাল ও নামিবিয়া খুব ভালো ক্রিকেট খেলেছে। তাই তাদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের লক্ষ্য নিজেদের সামর্থ্য অনুযায়ী ক্রিকেট খেলে চারটি ম্যাচেই শক্তিশালী পারফরম্যান্স করা।’

বর্তমানে বিশ্বকাপ লিগ-২-এর পয়েন্ট তালিকায় যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ডের পর তৃতীয় স্থানে রয়েছে নেদারল্যান্ডস। এই লিগের শীর্ষ চার দল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে খেলবে। ২০২৭ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়।

নেদারল্যান্ডস দল: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও'ডাউড, সেড্রিক ডি ল্যাঞ্জ, বিক্রমজিৎ সিং, বাস ডি লিডে, নোয়া ক্রুস, সাকিব জুলফিকার, লোগান ভ্যান বিক, রুলফ ভ্যান ডার মারভে, কাইল ক্লেইন, রায়ান ক্লেইন, আরিয়ান দত্ত, অ্যালেক্স রয়, টিম প্রিংগল ও জ্যাক লায়ন-ক্যাশেট।

আরো পড়ুন: