হোল্ডারের অবসর নিয়ে বিভ্রান্তি, বক্তব্য সংশোধন করলেন স্যামি

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
তিন বছর আগে সবশেষ ওয়ানডে ম্যাচ খেলা জেসন হোল্ডারের ভবিষ্যৎ নিয়ে করা নিজের মন্তব্য সংশোধন করেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি। তিনি জানিয়েছেন, হোল্ডার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি। বরং এই সংস্করণ থেকে অনির্দিষ্টকালের বিরতিতে আছেন এবং ভবিষ্যতেও জাতীয় দলে নির্বাচনের জন্য বিবেচনায় থাকবেন।

সম্প্রতি একটি আলোচনাভিত্তিক অনুষ্ঠানে স্যামি বলেছিলেন, ২০২৩ সালের বিশ্বকাপ বাছাইপর্বের পর আর একদিনের আন্তর্জাতিক ক্রিকেট না খেলা হোল্ডার এই সংস্করণকে বিদায় জানিয়েছেন। একই সঙ্গে তিনি জানান, নিয়মিত টি-টোয়েন্টি ক্রিকেট খেললেও হোল্ডার এখনও টেস্ট দলের ভাবনায় আছেন। তবে বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতার সূচির সঙ্গে সমন্বয় করেই তার লাল বলের ক্রিকেটে ফেরার বিষয়টি বিবেচনা করা হবে।

পরে নিজের বক্তব্য সংশোধন করে স্যামি বলেন, 'সম্প্রতি আলোচনাভিত্তিক অনুষ্ঠানে জেসন হোল্ডারের একদিনের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে যা বলেছি, সেটা সংশোধন করতে চাই।'

তিনি আরও বলেন, 'টি-টোয়েন্টি ছাড়া জেসনের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে প্রশ্নের উত্তরে ভুলবশত বলেছি, ওয়ানডে ক্রিকেট থেকে সে অবসর নিয়েছে। আমার শব্দ চয়নে ভুল ছিল। এতে তৈরি হওয়ার বিভ্রান্তির কারণে জেসন, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও আমাদের সমর্থকদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।'

হোল্ডারের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও জানান স্যামি। তার ভাষায়, 'প্রকৃত ব্যাপার হলো, জেসন ওয়ানডে থেকে অনির্দিষ্টকালের বিরতিতে আছে। এই সংস্করণ থেকে বিদায় নেয়নি। ওয়েস্ট ইন্ডিজ দলে নির্বাচিত হওয়ার জন্য সে বিবেচনায়ও আছেন। সে এখনও আমাদের গুরুত্বপুর্ণ খেলোয়াড়। আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণের জন্য ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।'

ওয়েস্ট ইন্ডিজের হয়ে এক দিনের ক্রিকেটে হোল্ডারের পরিসংখ্যান বেশ সমৃদ্ধ। ১৫৯ ম্যাচে তিনি নিয়েছেন ১৫৯ উইকেট। ব্যাট হাতে করেছেন দুই হাজার ২৩৭ রান, যেখানে রয়েছে ১২টি ফিফটি।

এ ছাড়া ২০১৫ ও ২০১৯ সালের বিশ্বকাপসহ মোট ৮৬টি এক দিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার অধীনে দল জিতেছে ২৪ ম্যাচে, হেরেছে ৫৪টিতে।

আরো পড়ুন: