যুক্তরাষ্ট্র-কানাডার স্থগিতাদেশ বহাল, ফ্রান্সকে সতর্কবার্তা আইসিসির

আইসিসি সভা
আইসিসি
আইসিসি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সম্মেলন শেষ হয়েছে। সেখানে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা। ক্রিকবাজের এক প্রতিবেদনে জানা গেছে আইসিসি এই সভায় যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইউএসএসি) ও ক্রিকেট কানাডার ওপর আরোপিত স্থগিতাদেশ বহাল রাখা হয়েছে।

পাশাপাশি ফ্রান্স ক্রিকেটকে সতর্কবার্তা দিয়েছে আইসিসি। এই সভাতেই আইসিসি সহযোগী সদস্য হিসেবে মরিশাস ক্রিকেট ফেডারেশনকে (এমসিএফ) স্বীকৃতি দিয়েছে। মরিশাস যুক্ত হওয়ায় আইসিসির মোট সদস্যসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১১। এর মধ্যে ১২টি পূর্ণ সদস্য এবং ৯৯টি সহযোগী সদস্য রয়েছে।

২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ফলে সেখানে খেলতে হলে আইসিসির স্থগিতাদেশ বিশেষ ভূমিকা রাখবে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে। এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের সদস্যপদ স্থগিত রয়েছে।

এদিকে আইসিসির স্থগিতাদেশ তুলে নেয়ার আগে কানাডাকে বেশ কিছু অভ্যন্তরীণ সমস্যা সমাধান করার নির্দেশনা দেয়া হয়েছে আইসিসির পক্ষ থেকে। তবে সেই সমস্যাগুলোর বিস্তারিত প্রকাশ করা হয়নি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) কানাডাভিত্তিক একটি দল যুক্ত হওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। এই ব্যাপারটিও পর্যবেক্ষণ করছে আইসিসি।

পাশাপাশি আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডকে যুক্ত করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ১২ দলে সম্প্রসারণের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আইসিসির বোর্ড এমন কোনো প্রস্তাব অনুমোদন করেছে সেই তথ্য নিশ্চিত করতে পারেনি ক্রিকবাজ। একইভাবে ওয়ানডে ম্যাচ ৫০ ওভারের বদলে ৪০ ওভারে নামিয়ে আনার বিষয়েও কোনো স্পষ্ট সিদ্ধান্ত হয়নি।

আগামী চক্রের জন্য আইসিসির কৌশলগত পরিকল্পনা নিয়ে একটি উপস্থাপনা হয়েছে। ভবিষ্যতে ক্রিকেটের কাঠামো পুনর্গঠন নিয়ে কয়েকটি প্রস্তাবও আলোচনা করা হয়েছে। আইসিসির অফিসিয়াল মিডিয়া পার্টনার জিওস্টারও সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সামনে একটি প্রেজেন্টেশন দিয়েছে। তবে এই বিষয়েও বিস্তারিত জানায়নি আইসিসি।

আরো পড়ুন: