ইংল্যান্ডের প্রধান কোচ হওয়ার পর টেস্ট ক্রিকেটের খেলার ধরণ বদলে দিয়েছেন ম্যাককালাম। বাজবল ক্রিকেটে সবার মনও জয় করে নিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। খেলার ধরণে সবাইকে আনন্দ দিলেও ইংলিশদের দলীয় সাফল্য এনে দিতে পারেননি তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম তিন আসরের একটিতেও ফাইনাল খেলতে পারেনি ইংল্যান্ড।
এমনকি চলতি চক্রেও ফাইনাল খেলার সম্ভাবনা ক্ষীণ। বাজবল ক্রিকেট দিয়ে অ্যাশেজে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দেওয়াতে বদ্ধপরিকর ছিল ইংলিশরা। তবে অস্ট্রেলিয়া সফরে গিয়ে কাজে লাগেনি ম্যাককালামের পরিকল্পনা। উল্টো ৪-১ ব্যবধানে হেরে দেশে ফিরতে হয় তাদের। অ্যাশেজে ভরাডুবির পরই টেস্ট দলের চাকরি নিয়ে টানাটানিতে পড়েন ম্যাককালাম। যদিও তার উপরই শেষ পর্যন্ত আস্থা রেখেছিল ইসিবি।
দেশের মাটিতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জিততে না পারা, কদিন আগে নিউজিল্যান্ডের কাছে সিরিজ খোয়ানোয় ম্যাককালামের উপর আস্থা কমেছে দেশটির ক্রিকেট বোর্ডের। টম মরিসের বরাত দিয়ে চ্যানেল সেভেন জানায়, ইংল্যান্ডের টেস্ট দলের চাকরি হারাতে যাচ্ছেন ম্যাককালাম। শেষ পর্যন্ত সেই খবর সত্যি হলো।
ম্যাককালামকে সরিয়ে দেওয়ায় পরবর্তী প্রধান কোচ কে হবেন সেটা এখনো নিশ্চিত নয়। অনেকের ধারণা রবি শাস্ত্রী ইংলিশদের দায়িত্ব নিতে পারেন। ভারতকে সাফল্য এনে দেওয়ার পাশাপাশি ইংল্যান্ডের সাবেকদেরও পছন্দের তালিকায় আছেন তিনি। এদিকে টেস্টের চাকরি ছাড়লেও সাদা বলের ক্রিকেটে প্রধান কোচের দায়িত্বে থাকছেন ম্যাককালাম।
কিউই কোচের অধীনে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে ইংল্যান্ড। এ ছাড়া দেশের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতক উড়িয়ে দিয়েছেন জস বাটলার-হ্যারি ব্রুকরা। শ্রেয়াস আইয়ারের ভারতকে ৪-০ ব্যবধানে হারিয়ে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে ইংল্যান্ড। নিজেদের সবশেষ খেলা ২৩ টি-টোয়েন্টির ২০টিতে জয় পেয়েছে ম্যাককালামের শিষ্যরা।