স্টোকসের অবসরের ভিডিও প্রকাশ ইসিবির, কোনো ব্যবস্থা নিচ্ছে না আইসিসি

ইংল্যান্ড ক্রিকেট
অবসরের ঘোষণার সময় বেন স্টোকস
অবসরের ঘোষণার সময় বেন স্টোকস
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসের অবসরের ঘোষণা দেয়া ভিডিও প্রকাশকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে শেষ পর্যন্ত ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গত মাসে ট্রেন্ট ব্রিজে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট চলাকালে স্টোকসের অবসরের ঘোষণা ক্রিকেট বিশ্বে আলোড়ন তোলে। ম্যাচের চতুর্থ দিনের খেলা শুরুর আগে ইংল্যান্ডের ড্রেসিংরুমে ধারণ করা ভিডিওটি পরে সম্প্রচারকারী প্রতিষ্ঠানের কাছে দেয়া হয়।

ইসিবি সেটি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমেও। আইসিসির অভিযোগ, ম্যাচের মাঝপথে ড্রেসিংরুমের ভেতরের এমন দৃশ্য ধারণ ও প্রচার করে ইসিবি তাদের ‘প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়া’ (পিএমওএ) সংক্রান্ত আচরণবিধি লঙ্ঘন করেছে।

আইসিসির নিয়ম অনুযায়ী, ড্রেসিংরুমে কোনো ধরনের ভিডিও বা অডিও রেকর্ডিং যন্ত্র রাখা বা সেখান থেকে ফুটেজ প্রচার করা নিষিদ্ধ। এর ফলে ইসিবির বিরুদ্ধে শাস্তি দেয়ার সুযোগ ছিল আইসিসির সামনে। তবে বিবিসি স্পোর্ট জানিয়েছে, বিষয়টি শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণভাবেই মীমাংসা হয়েছে।

ইসিবির পক্ষ থেকে যোগাযোগ করা হলে আইসিসি স্পষ্টভাবে জানায়, ড্রেসিং রুমের ভেতরের ধারণকৃত কোনো ফুটেজে অডিও থাকা যাবে না এবং ম্যাচ শেষ হওয়ার আগে তা প্রকাশ করা যাবে না।

অথচ সেই ভিডিওতে দেখা যায় সতীর্থদের উদ্দেশ্যে স্টোকস বলছেন, ‘মাঠে যাও এবং আগামী দুই দিন নিজেদের সবকিছু উজাড় করে দাও।’ পাশাপাশি তখন দ্বিতীয় সেশনের খেলা চলছিল। ইসিবি আইসিসির দুটি শর্তই লঙ্ঘন করেছে। তবে এর জন্য তাদের শেষ পর্যন্ত কোনো শাস্তি পেতে হচ্ছে না।

আরো পড়ুন: