ভারত শিবিরে জোড়া ধাক্কা, সিরিজ শেষ হার্শিত-বরুণের

ইংল্যান্ড-ভারত সিরিজ
হার্শিত রানা ও বরুণ চক্রবর্তী, ফাইল ফটো
হার্শিত রানা ও বরুণ চক্রবর্তী, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আয়ারল্যান্ড-ইংল্যান্ড সফরে দুঃসময় পিছুই ছাড়ছে না ভারতের। আয়ারল্যান্ডের কাছে ঐতিহাসিক সিরিজ হারের পর ইংল্যান্ডের কাছেও এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হার নিশ্চিত হয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের। এদিকে চতুর্থ টি-টোয়েন্টি শুরুর আগেই দুঃসংবাদ এসেছে ভারত শিবিরে। পেশির চোটে সেই ম্যাচে খেলতে পারেননি পেসার হার্শিত রানা ও বরুণ চক্রবর্তী। সিরিজে ৩-০ ব্যবধানে পিছিয়ে থাকা ভারত শেষ ম্যাচেও পাবে না এই দুই বোলারকে।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টি চলাকালীন এই দুই ক্রিকেটার চোটে পড়েন। পরে বিসিসিআইয়ের মেডিকেল দল তাদের পরীক্ষা করে নিশ্চিত করে যে, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টিতে তারা খেলতে পারবেন না।

তবে তাদের বদলি হিসেবে কাদের নেওয়া হবে, সে বিষয়ে এখনও কোনো ঘোষণা দেয়নি বিসিসিআই। দীর্ঘ পুনর্বাসন শেষে দলে ফেরার অল্প সময়ের মধ্যেই আবারও চোটে পড়লেন এই দুই ক্রিকেটার।

আইপিএল ২০২৬ চলাকালীন বাঁ পায়ের আঙুলে চিড় ধরেছিল বরুণের। এরপরও ব্যথা নিয়েই তিনি খেলেছিলেন। তবে পরে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ এবং আয়ারল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজ থেকে বাইরে থেকে বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে পুনর্বাসন সম্পন্ন করেন।

ইংল্যান্ড সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। নটিংহ্যামে ৩য় টি-টোয়েন্টিতে ৩৫ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি, আর ম্যানচেস্টারে দ্বিতীয় ম্যাচে নিয়েছিলেন ১ উইকেট।

অন্যদিকে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাঁটুতে চোট পান হার্শিত। সেই চোটের কারণে পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে হয় তাকে। পরে অস্ত্রোপচারের পর পুনর্বাসন শেষ করে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে ফেরেন এই ডানহাতি পেসার। এবার ইংল্যান্ড সফরেও চোটে পড়ে আবার মাঠের বাইরে চলে গেলেন তিনি।

আরো পড়ুন: