ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে চায় ইংল্যান্ড

ইংল্যান্ড-ভারত সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টিতে ভেসে যাওয়ার পর টানা তিন ম্যাচেই ভারতকে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজও জিতে নিয়েছে স্বাগতিকরা। শেষ টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়নদের হারাতে পারলে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ওঠার সুযোগ থাকবে ইংলিশদের। সেই সুযোগটাই নিতে চান হ্যারি ব্রুক। ইংলিশ অধিনায়ক জানিয়েছেন, আপাতত তাদের লক্ষ্যই এটা।

চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। তবে সাম্প্রতিক সময়ে খেলা দুই সিরিজের একটিতেও ভালো করতে পারেনি তারা। কদিন আগেই আয়ার‌ল্যান্ড সফরে গিয়ে দুই ম্যাচের সিরিজ হারতে হয়েছে শ্রেয়াস আইয়ারের দলকে। ইংল্যান্ড সফরেও ঘুরে দাঁড়াতে পারেনি তারা। প্রথম ম্যাচে ভালো ব্যাটিং করলেও সেটা জেতার সুযোগ হয়ে ওঠেনি তাদের।

বেরসিক বৃষ্টিতে ভেস্তে যায় প্রথম ম্যাচ। পরের তিন টি-টোয়েন্টির একটিতে বলার মতো কিছু করতে পারেনি ভারত। ব্যাটিং ব্যর্থতার এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ হার নিশ্চিত হয়েছে সফরকারীদের। বিপরীত চিত্র ইংল্যান্ডের ক্ষেত্রে। নিজেদের খেলা সবশেষ ২২ টি-টোয়েন্টির ১৯ ম্যাচে জয় পেয়েছে ইংলিশরা। বিশ্বকাপের সেমিফাইনালে হারতে হয়েছিল ভারতের বিপক্ষে। তবে ধারাবাহিক পারফরম্যান্সে র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে তাদের।

বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে হটিয়ে শীর্ষে ওঠার সুযোগ আছে ইংল্যান্ডের সামনে। বর্তমানে ২৬৯ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে ভারত। দুইয়ে থাকা ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ২৬৭। ব্রুকদের বলা হয়েছে শেষ টি-টোয়েন্টিতে জিততে পারলেই শীর্ষে উঠবে তারা। ইংল্যান্ডের অধিনায়ক সেই সুযোগটা হাত ছাড়া করতে চান না।

এ প্রসঙ্গে ব্রুক বলেন, ‘আমাদের বলা হয়েছে পরের ম্যাচটি জিতলেই আমরা বিশ্বের এক নম্বর দল হতে পারব। এই অর্জনটার দিকেই আমরা চোখ রাখছি। ভারত নিঃসন্দেহে শক্তিশালী দল। চলতি সিরিজে হয়তো তারা গত কয়েক বছরের মতো অতটা ভালো খেলতে পারেনি, তবে নিজেদের পরিকল্পনাগুলো আমরা যেভাবে মাঠে বাস্তবায়ন করতে পেরেছি, তাতে আমরা সত্যিই খুশি।’

‘সত্যি বলতে, ভারতকে ৪-০ ব্যবধানে হারাতে পারাটা হবে বিশেষ এক সিরিজ জয়। এর সাথে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে পারলে তো কথাই নেই। আমাদের মূল লক্ষ্য হচ্ছে মাঠে নেমে তাদের আবারও বড় ব্যবধানে হারানো। সাউদাম্পটনে গিয়ে যত দ্রুত সম্ভব আমাদেরকে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। এখনো পর্যন্ত চলতি সিরিজে আমরা খুব ভালো করছি।’

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ ১১ জুলাই। সাউদাম্পটনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। একই দিন রাতে ইংল্যান্ডের ফুটবল দল সেমিফাইনাল খেলবে নরওয়ের বিপক্ষে। আর্লি হালান্ডের দলকে হারাতে পারলেই সেমিফাইনালে উঠবেন হ্যারি কেইন, জুড বেলিংহামরা।

ব্রুক জানান, টি-টোয়েন্টিতে এক নম্বর হওয়ার পাশাপাশি ইংল্যান্ড ফুটবল দল যদি সেরা উঠতে পারে সেটা তাদের জন্য দারুণ ব্যাপার হবে। ইংল্যান্ডের অধিনায়ক বলেন, ‘বিশ্বের এক নম্বর দল হওয়া এবং ইংল্যান্ডের (ফুটবল দলের) সেমিফাইনালে ওঠা—দারুণ একটা ব্যাপার হবে। আমরা অবশ্যই ফুটবলের দিকে কড়া নজর রাখছি এবং ম্যাচটি দেখার অপেক্ষায় আছি।’

আরো পড়ুন: