‘সূর্যবংশীর জন্য বিশ্বকাপজয়ী কাউকে বাদ দেবার সময় আসেনি’

ভারত ক্রিকেট
বৈভব সূর্যবংশী ও মরনে মরকেল, ফাইল ফটো
বৈভব সূর্যবংশী ও মরনে মরকেল, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারতের আয়ারল্যান্ড-ইংল্যান্ড সফরের আগে সবাইকে ছাপিয়ে আলোচনায় ছিলেন বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। তবে আয়ারল্যান্ড সিরিজ শেষে ইংল্যান্ড সিরিজের একটি ম্যাচ শেষ হয়ে গেলেও এখনো ভারতের জার্সিতে অভিষেক হয়নি সূর্যবংশীর। ভারতের বোলিং কোচ মরনে মরকেল জানিয়েছেন, আয়ারল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশের পরও ইংল্যান্ডের বিপক্ষে সূর্যবংশীর অভিষেক করানোর কোনো তাড়া নেই ভারতের। ওপেনার সাঞ্জু স্যামসনের ধারাবাহিক ব্যর্থতার পরও বিশ্বকাপজয়ী ওপেনিং জুটির ওপরই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট।

যুক্তরাজ্য সফরে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে ভারত। এর মধ্যে আয়ারল্যান্ডের কাছে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ হেরেছে দলটি। ওপেনার স্যামসনও তিন ম্যাচে করেছেন মাত্র ৫, ০ ও ১ রান। তবুও সূর্যবংশীকে এখনই আন্তর্জাতিক অভিষেক করানোর পক্ষে নয় টিম ম্যানেজমেন্ট। মরকেল জানিয়েছেন, বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটারদের ওপর আস্থা রাখা এবং তাদের যথেষ্ট সময় দেওয়াটাই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ।

মরকেল বলেন, 'এখানে অনেক বিষয় বিবেচনায় রাখতে হয়। টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর ব্যাটার অভিষেক শর্মা আমাদের দলে আছে। স্যামসন বিশ্বকাপের সেরা খেলোয়াড় ছিল, আইপিএলেও দারুণ খেলেছে। কোচিং স্টাফ হিসেবে তাদের প্রতি আস্থা রাখা আমাদের দায়িত্ব।'

তিনি আরও বলেন, 'হ্যাঁ, বৈভব দারুণ প্রতিভাবান এবং সুযোগের অপেক্ষায় আছে। কিন্তু শুধু ওপেনারদের জন্য নয়, পুরো দলের জন্যই এটি একটি বার্তা যে আমরা আমাদের ক্রিকেটারদের পাশে আছি। পারফরম্যান্স অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে কোনো ক্রিকেটারকে তার স্বাভাবিক অবস্থান থেকে সরিয়ে অন্যকে সুযোগ দেওয়াও ঠিক হবে না।'

সূর্যবংশী ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলে এলেও জাতীয় দলে থাকা অন্যান্য ক্রিকেটারদের অবদানও মনে রাখা গুরুত্বপূর্ণ বলে মনে করেন সাউথ আফ্রিকার সাবেক এই পেসার। মাত্র তিন মাস আগেই বিশ্বকাপ জেতানো দলের ক্রিকেটারদের ওপর এখনই আস্থা হারাতে রাজি নন তিনি।

এ প্রসঙ্গে মরকেল বলেন, 'এটি এমন নয় যে বলে দিলাম, ‘চলো, ওকে খেলাই। যারা বিশ্বকাপ জিতিয়েছে এবং কঠিন পরিস্থিতিতে দলের জন্য পারফর্ম করেছে, তাদের ওপর আস্থা রাখতেই হবে। এরপর পরিস্থিতি বুঝে সেরা কম্বিনেশন তৈরি করতে হবে।'

অভিষেকের অপেক্ষা দীর্ঘ হলেও অনুশীলনে সূর্যবংশী সবাইকে মুগ্ধ করেছেন বলে জানিয়েছেন মরকেল। আন্তর্জাতিক দলের পরিবেশ একজন ১৫ বছর বয়সী ক্রিকেটারের জন্য ভীতিকর হতে পারে, কিন্তু সেই চ্যালেঞ্জ তিনি ভালোভাবেই সামলাচ্ছেন।

মরকেল বলেন, 'সে দারুণভাবে দলের সঙ্গে মানিয়ে নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখলেই বোঝা যায়, ছেলেরা তাকে কতটা আপন করে নিয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে প্রথম অনুশীলন একজন কিশোরের জন্য ভীতিকর হতে পারে, কিন্তু কয়েকটি সেশনেই সে আমাদের মুগ্ধ করেছে। সুযোগ পেলে সে প্রস্তুত থাকবে বলেই আমাদের বিশ্বাস।'

ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার দ্বিতীয় টি-টোয়েন্টির আগে ভারত এখনো একাদশ ঘোষণা করেনি। তবে পরিত্যক্ত হওয়া আগের ম্যাচের ব্যাটিং লাইনআপ অপরিবর্তিত থাকলে সূর্যবংশীর অপেক্ষাটা আরেকটু দীর্ঘ হচ্ছে।

আরো পড়ুন: