‘আয়ারল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ ভারতের ইতিহাসের সবচেয়ে খারাপ দিন’

ভারত ক্রিকেট
সুনীল গাভাস্কার, ফাইল ফটো
সুনীল গাভাস্কার, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
গত মার্চে টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে ভারত। বিশ্বকাপ জয়ের পর প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো আয়ারল্যান্ডের কাছে হেরেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এমন পারফরম্যান্সের পর দলের ওপর বেশ চটেছেন কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার। আয়ারল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়াকে ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম নিকৃষ্ট অধ্যায় বলে মন্তব্য করেছেন তিনি। তার মতে, অতিরিক্ত আত্মবিশ্বাস ও দায়িত্বহীন মানসিকতার কারণেই এমন লজ্জাজনক পরাজয়ের মুখ দেখতে হয়েছে ভারতকে।

শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে প্রথম সিরিজ খেলতে নেমেই বেলফাস্টে অনুষ্ঠিত দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৩৪ রানে এবং দ্বিতীয়টিতে ১ রানে হেরে ২-০ ব্যবধানে সিরিজ হারে ভারত। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস গড়েছে আয়ারল্যান্ড।

স্পোর্টস্টারে লেখা নিজের কলামে গাভাস্কার বলেন, '২৮ জুন, রবিবার ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম খারাপ দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। একটি ম্যাচ হারাটা এক বিষয়, কিন্তু সিরিজ হারাটা ভিন্ন ব্যাপার বিশেষ করে কার কাছে হারছেন, সেটাও গুরুত্বপূর্ণ। ভারতীয় ক্রিকেটে অনেক হতাশার মুহূর্ত এসেছে, আমি নিজেও সেসবের সাক্ষী। কিন্তু আয়ারল্যান্ডের কাছে সিরিজ হার অবশ্যই ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ঘটনা।'

তার মতে, আয়ারল্যান্ড অসাধারণ ক্রিকেট খেলেনি, বরং ভারতের ভুলেরই সর্বোচ্চ সুবিধা নিয়েছে। গাভাস্কার বলেন, 'যদি আয়ারল্যান্ড অসাধারণ ক্রিকেট খেলত, তাহলে হয়তো আঘাতটা কিছুটা কম লাগত। কিন্তু ভারতের অতিরিক্ত আত্মবিশ্বাস ও দায়িত্বহীন মানসিকতাই তাদের ডুবিয়েছে। আর সেটিই সবচেয়ে বেশি হতাশার।'

১৯৮৩ বিশ্বকাপ ফাইনালে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের ঐতিহাসিক জয়ের সঙ্গে এই সিরিজের তুলনাও টেনেছেন গাভাস্কার। তার মতে, সে সময় যেভাবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা আত্মতুষ্টির খেসারত দিয়েছিল, এবারও ভারতীয় ব্যাটারদের মধ্যে একই মানসিকতা দেখা গেছে।

গাভাস্কার লেখেন, '১৯৮৩ বিশ্বকাপ ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের আউট হওয়ার ধরন দেখলে একই ধরনের অতিরিক্ত আত্মবিশ্বাস ও দায়িত্বহীনতার ছাপ পাবেন, যা আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের দুই ম্যাচেই দেখেছি।'

গাভাস্কারের মতে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএলে ব্যাটিং-সহায়ক উইকেটে খেলার পর আয়ারল্যান্ডের ভিন্ন কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারেননি ভারতীয় ব্যাটাররা।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'যেকোনো খেলায়, বিশেষ করে ক্রিকেটে পরিস্থিতি অনুযায়ী খেলা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ভারতের প্রায় সব ব্যাটারই নিজেদের স্বাভাবিক আক্রমণাত্মক ধরন ধরে রাখতে চেয়েছে। অতিরিক্ত বাউন্স ও ক্যারিযুক্ত উইকেটে তারা প্রতিপক্ষের বুদ্ধিদীপ্ত বোলিং ও দুর্দান্ত ফিল্ডিংয়ের কাছে সহজেই উইকেট বিলিয়ে দিয়েছে।'

আরো পড়ুন: