‘স্যামসন বিশ্বকাপের সেরা খেলোয়াড়, সূর্যবংশীকে ধৈর্য ধরতেই হবে’

ভারত ক্রিকেট
সাঞ্জু স্যামসন ও বৈভব সূর্যবংশী, ফাইল ফটো
সাঞ্জু স্যামসন ও বৈভব সূর্যবংশী, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারতের উইকেটরক্ষক ব্যাটার সাঞ্জু স্যামসনের সাম্প্রতিক ব্যর্থতা নিয়ে আলোচনা বাড়লেও তাকে এখনই একাদশ থেকে বাদ দেওয়ার পক্ষে নন দেশটির সাবেক ক্রিকেটার সাবা করিম। ইংল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে তরুণ বৈভব সূর্যবংশীর পরিবর্তে উদ্বোধনী জুটিতে স্যামসনকেই সুযোগ দিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সর্বশেষ তিন ম্যাচে ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি স্যামসন। অন্যদিকে মাত্র ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীর আন্তর্জাতিক অভিষেক না হওয়ায় আলোচনা আরও জোরালো হয়েছে। তবে করিমের মতে, সাময়িক খারাপ সময়ের জন্য অভিজ্ঞ একজন ক্রিকেটারের ওপর আস্থা হারানো ঠিক হবে না।

করিম বলেন, 'এই মুহূর্তে আমি কোনো পরিবর্তনের পক্ষে নই। সাঞ্জু স্যামসন অসাধারণ একজন ক্রিকেটার। তিনি অনেক ম্যাচে দলকে জয় এনে দিয়েছেন। আইপিএলেও তার দারুণ মৌসুম কেটেছে। এর আগে বিশ্বকাপেও তিনি আসরের সেরা খেলোয়াড় হয়েছিলেন। এখন নিশ্চয়ই তার মনে প্রশ্ন জাগছে, সবাই কেন শুধু তাকেই দোষারোপ করছে?'

সাম্প্রতিক পরিসংখ্যান অবশ্য স্যামসনের পক্ষে কথা বলছে না। দেশের বাইরে খেলা সর্বশেষ দশটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে পাঁচবার শূন্য রানে আউট হয়েছেন তিনি। যদিও একই সময়ে দুটি শতকের ইনিংসও খেলেছেন, পাশাপাশি তিনবার এক অঙ্কের রানে ফিরেছেন। তার ক্যারিয়ারে ধারাবাহিকতার অভাব নতুন নয়, তাই প্রতিটি ব্যর্থতার পর সমালোচনার মুখেও পড়তে হয় তাকে।

এদিকে বৈভব সূর্যবংশী এখনও আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায়। আইপিএলে দুর্দান্ত মৌসুম কাটিয়ে জাতীয় দলে ডাক পেলেও আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত সুযোগ মেলেনি তার। অভিজ্ঞ উদ্বোধনী জুটির ওপরই আস্থা রেখেছে ভারতের ম্যানেজমেন্ট।

এ সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে করিম বলেন, 'বৈভবের জন্যও এটি শেখার দারুণ একটি সময়। জাতীয় দলের প্রথম একাদশে জায়গা পেতে হলে সেটি অর্জন করে নিতে হয়, সেটাও সে বুঝতে পারবে। এমন প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ তাকে ক্রিকেটার হিসেবে যেমন উন্নত করবে, তেমনি মানুষ হিসেবেও পরিণত করবে। তার প্রতিভা অসাধারণ, তবে সুযোগের জন্য ধৈর্য ধরতে হবে।'

আরো পড়ুন: