সূচি অনুযায়ী, আগষ্টের দ্বিতীয় সপ্তাহে শ্রীলঙ্কা সফরে যাবে ভারত। ১৫ আগষ্ট গলে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচ শুরু হবে ২৩ আগষ্ট থেকে। ২০১৭ সালের পর এবারই প্রথম টেস্ট খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ভারত। দুই টেস্টের সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পাঁচে রয়েছে ভারত। ধনাঞ্জয়া ডি সিলভা-দীনেশ চান্দিমালরা আছেন ছয় নম্বরে। দুই দেশের ক্রিকেট বোর্ড তিনটি টি-টোয়েন্টি যুক্ত করার কথা ভেবেছিল। তবে এসএলসির বিজ্ঞপ্তিতে সেটা নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। অর্থাৎ দুই টেস্ট খেলেই বাংলাদেশে আসবে ভারত।
সাদা বলের ক্রিকেটের সিরিজ খেলতে ২০২৬ সালের আগষ্ট-সেপ্টেম্বরে বাংলাদেশে আসার কথা ছিল বিরাট কোহলি-রোহিত শর্মাদের। তবে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক অবনতি হওয়ায় সিরিজটি বছরখানেক পিছিয়ে দেওয়া হয়। তবুও সংশয় ছিল ভারত বাংলাদেশে আসবে কিনা। তবুও ভারত সিরিজ আয়োজনে আত্মবিশ্বাসী বাংলাদেশ।
এ প্রসঙ্গে মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রব্বানী ক্রিকবাজকে বলেন, ‘আমরা সূচি অনুযায়ী ভারতের বিপক্ষে সিরিজ আয়োজন নিয়ে আত্মবিশ্বাসী। আগামী কয়েকটি হোম সিরিজের পাশাপাশি ভারতের সফরের জন্যও আমরা মিডিয়া স্বত্বের দরপত্র আহ্বান করেছি এবং সম্ভাব্য দরদাতাদের কাছ থেকে ভালো সাড়া পাওয়ার আশা করছি। ভারতের মতো শীর্ষ দলের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার সুবিধা সবারই জানা, এবং ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছে।’