‘আয়ারল্যান্ডই জয়ের যোগ্য ছিল’, স্বীকারোক্তি অভিষেকের

আয়ারল্যান্ড-ভারত সিরিজ
অভিষেক শর্মা, ফাইল ফটো
অভিষেক শর্মা, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বেলফাস্টে নিজেদের ক্রিকেট ইতিহাসের এক ঐতিহাসিক দিনের সাক্ষী হয়েছে আয়ারল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ভারতকে হারিয়েছে আইরিশরা। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৩৪ রানের অপ্রত্যাশিত হারের পর প্রতিপক্ষের কৃতিত্বই বড় করে দেখলেন টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সেরা ব্যাটার অভিষেক শর্মা। তার মতে, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং, তিন বিভাগেই ভারতকে ছাপিয়ে গেছে আয়ারল্যান্ড, আর তাই জয়টা তাদেরই প্রাপ্য ছিল।

অঘটনের স্বীকার হবার দিনে ভারতের ব্যাটারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন অভিষেক। মাত্র ২০ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস খেললেও তিনি মনে করেন, উইকেটের আচরণ বড় শট খেলার জন্য উপযুক্ত ছিল না।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অভিষেক বলেন, 'উইকেটে কিছুটা সহায়তা ছিল। আয়ারল্যান্ড যখন ব্যাটিং করেছে, তখন তারা কয়েকটি শট খুব ভালোভাবে খেলেছে, কিন্তু অনেক শটই খেলা কঠিন ছিল। আমাদের ইনিংসেও তারা দারুণ পরিকল্পনা নিয়ে বোলিং করেছে এবং তা সফলভাবে বাস্তবায়ন করেছে। আমাদের ব্যাটারদের খুব বেশি শট ঠিকভাবে আসেনি।'

এ প্রসঙ্গে তিনি যোগ, 'দল হিসেবে আয়ারল্যান্ড ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং সব বিভাগেই অসাধারণ খেলেছে। তারা এই জয়ের পুরোপুরি যোগ্য। আমরা দল হিসেবে কিছু পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। তবে প্রতিটি ম্যাচ থেকেই কিছু না কিছু শেখার থাকে, এই ম্যাচ থেকেও অনেক কিছু শিখেছি।'

বেলফাস্টের কন্ডিশন ভারতের পরিচিত পরিবেশের চেয়ে ছিল সম্পূর্ণ ভিন্ন। পেসারদের জন্য ছিল বাড়তি সহায়তা, আর দুই দিকের বাউন্ডারিগুলোও ছিল বেশ বড়। যদিও ঠান্ডা আবহাওয়াকে উপভোগ করেছেন অভিষেক। আইপিএলের প্রচণ্ড গরমের পর এই আবহাওয়াকে তিনি গত তিন মাসের সেরা অভিজ্ঞতাগুলোর একটি বলে উল্লেখ করেন। তবে তার মতে, ম্যাচের ভাগ্য নির্ধারণ করেছে কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে না পারা।

অভিষেক বলেন, 'দল হিসেবে কত দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারছি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। টানা ম্যাচ খেলতে হলে দ্রুত পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়। একটি শক্তিশালী দল হিসেবে আমাদের আরও দ্রুত মানিয়ে নেওয়া উচিত ছিল। আমরা সেটাই চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা করতে পারিনি।'

ভারতের জন্য আরেকটি চ্যালেঞ্জ ছিল আয়ারল্যান্ডের দুই অভিষিক্ত পেসার ভারতীয় বংশোদ্ভূত বাঁহাতি জয় মুন্দ্রা এবং ডানহাতি ম্যাট হলার্ড। মুন্দ্রা নিজের প্রথম বলেই সাঞ্জু স্যামসনকে ফিরিয়ে দারুণ সূচনা করেন। অন্যদিকে হলার্ড আউট করেন ইশান কিষান ও অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে। ফলে মাত্র ৬০ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।

শেষ পর্যন্ত মুন্দ্রা ২৫ রানে দুটি এবং হলার্ড ২৮ রানে তিনটি উইকেট নেন। ভারতের ব্যাটাররা তাদের বোলিংয়ে চমকে গিয়েছিলেন কি না এমন প্রশ্নের জবাবে অভিষেক জানান, বিষয়টি চমকের নয়; বরং সেদিন আয়ারল্যান্ডের বোলাররাই ভারতের চেয়ে ভালো বোলিং করেছে।

এ প্রসঙ্গে অভিষেক বলেন, 'সব দলের বিপক্ষেই আমাদের একই ধরনের প্রস্তুতি থাকে। ভিডিও বিশ্লেষক ও কোচদের কাছে সব বোলারের তথ্য থাকে। তাই আমি বলব না যে তারা আমাদের চমকে দিয়েছে। তবে তারা সত্যিই দুর্দান্ত বোলিং করেছে। পুরো বোলিং ইউনিট হিসেবে তারা আমাদের চেয়ে ভালো জায়গায় বল করেছে। এ ধরনের ম্যাচ থেকেই শেখার সুযোগ থাকে। আজ আমরা তাদের কাছ থেকেও অনেক কিছু শিখেছি।'

আরো পড়ুন: