‘মাঠে নেমেই জিতে যাওয়া সম্ভব নয়’, অঘটন থেকে আইয়ারের শিক্ষা

আয়ারল্যান্ড-ভারত সিরিজ
শ্রেয়াস আইয়ার, ফাইল ফটো
শ্রেয়াস আইয়ার, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মাত্র মাস তিনেক আগে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া ভারতকে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হারিয়ে চমক দিয়েছে আয়ারল্যান্ড। যেকোনো ফরম্যাটেই এটি ভারতের বিপক্ষে আইরিশদের প্রথম জয়। নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের অধীনে নতুন পথ চলার শুরতেই ধাক্কা খেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ভারতের নিয়মিত অধিনায়ক হিসেবে পথচলার শুরুটা ভালো না হলেও এখান থেকে শিক্ষা নিতে চান আইয়ার। ভারত বড় দল হওয়ায় তারা শুধু মাঠে নেমেই জিতে যাবে এমন মানসিকতা থেকে সতীর্থদের বেরিয়ে আসতে বলেছেন ভারতের নতুন অধিনায়ক।

আয়ারল্যান্ডের বেলফাস্টে প্রথমে ব্যাট করতে নেমে ১৮২ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা। জবাব দিতে নেমে শুরুটা ভালো হলেও পাওয়ার প্লের পর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। ওপেনার অভিষেক শর্মা ছাড়া কোনো ব্যাটারই থিতু হতে পারেননি আইরিশ বোলারদের সামনে। অভিষেকের ৪৯ রান ছাড়া আর কেউ ত্রিশোর্ধ রানের ইনিংস খেলতে পারেননি। ৩৪ রানের বড় ব্যবধানে ম্যাচ হেরে অধিনায়ক হিসেবে হতাশ আইয়ার।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইয়ার বলেন, 'কোনো কিছুই ধরে নেয়া যাবে না। শুধু মাঠে নেমেই ম্যাচ জিতে ফেলা সম্ভব নয়। কঠোর পরিশ্রম করতে হবে এবং প্রতিটি মুহূর্তে মনোযোগ ধরে রাখতে হবে। সুযোগ এলে প্রতিপক্ষকে চাপে ফেলতে হবে। কোনো পরিস্থিতিকেই হালকাভাবে নেয়া যাবে না।'

নিজের প্রথম ম্যাচেই অধিনায়ক হিসেবে ভালো শুরু করেছিলেন আইয়ার। ভারতের বোলাররা আয়ারল্যান্ডকে ৫১ রানে চার উইকেট হারিয়ে চাপে ফেলে দেয়। তবে এরপর গ্যারেথ ডিলানি ও লরকান টাকারের ৬৪ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ভারতের ফিল্ডাররা তিনটি ক্যাচ ফেলেন। এছাড়া মাঝের ওভারগুলোতে বোলাররা পরিকল্পনা অনুযায়ী বল করতে না পারায় আয়ারল্যান্ডের ব্যাটাররা ছোট বাউন্ডারির সুবিধা নেন।

বোলিং নিয়ে আইয়ার বলেন, 'শুরুতে আমাদের বোলাররা দারুণ বল করেছে। তারা সুইং পেয়েছে এবং দ্রুত কয়েকটি উইকেটও তুলেছে। কিন্তু মাঝের ওভারগুলোতে আমরা পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হই। আমরা তাদের এমন জায়গায় শট খেলার সুযোগ দিয়েছি, যেখানে বাউন্ডারি ছোট ছিল। যদিও শেষদিকে বোলাররা ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। শুরুটা যেভাবে হয়েছিল, তাতে ১৪০ রানই ভালো সংগ্রহ হতে পারত।'

পাওয়ার প্লে'তে আর্শদীপ সিং ও হর্ষিত রানা টানা তিন ওভার করে বোলিং করে আয়ারল্যান্ডকে ৩৬ রানে তিন উইকেট হারানোর চাপে ফেলে দেন। তবে এরপর আক্রমণে এসে প্রসিধ কৃষ্ণা চার ওভারে ৫৭ রান দিয়ে উইকেটশূন্য থাকেন।

এই হার থেকে শিক্ষা নিয়ে দ্রুত ঘুরে দাঁড়াতে চান আইয়ার। তিনি বলেন, 'এই ম্যাচে যা হয়েছে, সেটা ভুলে যেতে চাই। অবশ্যই শেখার অনেক কিছু আছে। পরের ম্যাচে আমরা নতুন উদ্যমে মাঠে নামব।'

দল কিছুটা ম্যাচ অনুশীলনের অভাবে ভুগছিল কি না এমন প্রশ্নের জবাবে আইয়ার বলেন, 'হ্যাঁ, সেটা কিছুটা ছিল। তবে এখন সামনে তাকাতে হবে। এই অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে।'

হার সত্ত্বেও ইতিবাচক দিক খুঁজে নিচ্ছেন ভারতের নতুন অধিনায়ক। তার মতে, বেলফাস্টের কন্ডিশনে খেলে উইকেট সম্পর্কে ভালো ধারণা হয়েছে, যা সিরিজের পরবর্তী ম্যাচগুলোতে দলের জন্য সহায়ক হবে। তিনি বলেন, 'এখানে খেলে দারুণ অভিজ্ঞতা হয়েছে। উইকেট সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছি। অধিনায়ক হিসেবে এটাও আমার জন্য ভালো একটি শুরু।'

অন্যদিকে আয়ারল্যান্ড অধিনায়ক লরকান টাকার ভারতের নতুন বলের বোলিংয়ের প্রশংসা করেন। তার মতে, শুরুতে ভারত এমন নিয়ন্ত্রিত বোলিং করেছে যে ম্যাচটি একসময় টেস্ট ক্রিকেটের মতো মনে হচ্ছিল।

টাকার বলেন, 'ভারত শুরুতে অসাধারণ লাইন-লেংথে বল করেছে। তারা পরিকল্পনা থেকে বিচ্যুত হয়নি, তাই ভালো শট খেলাও কঠিন হয়ে পড়েছিল। একসময় মনে হচ্ছিল টেস্ট ম্যাচ খেলছি। তবে আমরা ধৈর্য ধরে জুটি গড়েছি এবং পরে সুযোগ কাজে লাগাতে পেরেছি।'

আরো পড়ুন: