ধনঞ্জয়ার সেঞ্চুরিতে শ্রীলঙ্কার ৩০৮, ক্যারিবীয় পেসারদের দাপট

ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা সিরিজ
সেঞ্চুরির পর ধনঞ্জয়া ডি সিলভা, এএফপি
সেঞ্চুরির পর ধনঞ্জয়া ডি সিলভা, এএফপি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পেস বান্ধব উইকেটে অ্যান্টিগা টেস্টের প্রথম দিনটা ছিল ওয়েস্ট ইন্ডিজের বোলারদের। তবে কঠিন পরিস্থিতিতে অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভার লড়াকু সেঞ্চুরিতে সম্মানজনক সংগ্রহ গড়েছে শ্রীলঙ্কা। প্রথম দিনে সফরকারীদের প্রথম ইনিংস শেষ হয়েছে ৩০৮ রানে।

এরপর দিনের শেষ ভাগে ব্যাটিংয়ে নেমে মাত্র এক ওভার খেলে কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। এদিন খেলা হয়েছে সাড়ে ছয় ঘণ্টা। প্রায় পুরো দিনই পেসাররা হাত ঘুরিয়েছেন। ফলে ওভার হয়েছে মাত্র ৭২.৫ ওভার।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম ওভারেই অভিজ্ঞ কিমার রোচের শিকার হন পাথুম নিশাঙ্কা। এরপর দশম ওভারে আলজারি জোসেফ পরপর দুই বলে ফেরান নিশান মাদুশকা ও কামিন্দু মেন্ডিসকে। মাদুশকা এলবিডব্লিউ হওয়ার আগে শুরুটা করেছিলেন দারুণ।

অন্যদিকে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পেয়েছেন কামিন্দু। মাত্র ৪২ রানে ৩ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েন ধনঞ্জয়া ও দীনেশ চান্দিমাল। শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করেন চান্দিমাল, আর ধনঞ্জয়া খেলেন ধৈর্য ধরে। দুজনের ৬৮ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় শ্রীলঙ্কা।

তবে মধ্যাহ্ন বিরতির পর শামার জোসেফ দুর্দান্ত এক ইয়র্কারে চান্দিমালকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন। ৬৭ বলে ৮ চারে ৫৪ রান করেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। একই ওভারে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন কুসাল মেন্ডিস। ১১০ রানে ৫ উইকেট হারানোর পর আবারও দলের হাল ধরেন ধনঞ্জয়া। এবার সঙ্গী হন সোনাল দিনুশা। দুজন মিলে ৯৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে শ্রীলঙ্কাকে বড় বিপদ থেকে উদ্ধার করেন।

সংযত ইনিংস খেলে ৭৫ বলে ৪৩ রান করেন দিনুশা। তাকে এলবিডব্লিউ করে ফেরান রোচ। এরপর মিলন রাত্নায়েকের সঙ্গে সপ্তম উইকেটে আরও ৬৪ রান যোগ করেন ধনঞ্জয়া। ১৫০ বলে টেস্ট ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি, মিডউইকেট দিয়ে দারুণ এক ফ্লিকে স্পর্শ করেন তিন অঙ্ক। শেষ পর্যন্ত জাস্টিন গ্রেভসের বলে পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরেন শ্রীলঙ্কার অধিনায়ক।

১৬৮ বলে ১৭ চারে ১২০ রানের দায়িত্বশীল ইনিংসটি ছিল শ্রীলঙ্কার ব্যাটিংয়ের মূল ভিত্তি। এরপর শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে গেছে দ্রুতই। তবে রত্নায়েকে ২৭ ও লাহিরু কুমারা ১২ রান করে লড়াইয়ের পুঁজি এনে দেন শ্রীলঙ্কাকে। ৩৯ রানে ৩ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল বোলার গ্রেভস। রোচ, আলজারি জোসেফ ও শামার জোসেফ নেন দুটি করে উইকেট।

আরো পড়ুন: