নেদারল্যান্ডসের প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন কুক

নেদারল্যান্ডস ক্রিকেট
রায়ান কুক, ফাইল ফটো
রায়ান কুক, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নেদারল্যান্ডসের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন রায়ান কুক। দেশটির ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। সম্প্রতি কুক ও তার সঙ্গিনীর ঘরে দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে। এর পরই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন বাংলাদেশের সাবেক এই ফিল্ডিং কোচ।

কুকের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন হেইনো কুন। সাউথ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার এতদিন দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছিলেন। আসন্ন বিশ্বকাপ লিগ দুইয়ের ম্যাচগুলোতে তিনিই দলের দায়িত্ব সামলাবেন।

দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে কুক বলেন, 'নেদারল্যান্ডস পুরুষ দলের প্রধান কোচ হওয়া আমার কোচিং জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। পেশাদার কাঠামোর দিকে এগিয়ে যাওয়া এবং শক্ত মূল্যবোধসম্পন্ন একটি প্রতিযোগিতাপূর্ণ দল গড়ে তোলার যাত্রার অংশ হতে পেরে আমি গর্বিত।'

২০২২ সালের মে মাসে দায়িত্ব নেয়া কুকের অধীনে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে নেদারল্যান্ডস। তার সময়েই দলটি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০২২ সালের বিশ ওভারের বিশ্বকাপে জায়গা করে নেয়। সেই আসরে জিম্বাবুয়ে ও সাউথ আফ্রিকার বিপক্ষে জয়ও পেয়েছিল তারা।

ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হুইব ফান ভালসেম বলেন, 'রায়ান কুক নেদারল্যান্ডসের ক্রিকেট ব্যবস্থায় গভীর প্রভাব রেখে গেছেন। খেলোয়াড়দের গভীরতা বৃদ্ধি, শক্তিশালী দলীয় সংস্কৃতি গড়ে তোলা এবং ক্রিকেটের ভিত্তি পর্যায়ে অবদান রাখার ক্ষেত্রে তার ভূমিকা অসাধারণ।'

কুকের অধীনেই ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত একদিনের বিশ্বকাপেও জায়গা করে নেয় নেদারল্যান্ডস। ২০১১ সালের পর প্রথমবারের মতো ওই প্রতিযোগিতায় অংশ নেয় তারা। শুধু অংশগ্রহণেই সীমাবদ্ধ থাকেনি দলটি। সাউথ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণও দিয়েছে।

নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেন, 'গত চার বছরে এই দল এবং দেশের ক্রিকেটের উন্নয়নে রায়ানের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার নিষ্ঠা, পেশাদারিত্ব এবং শক্তিশালী সংস্কৃতি গড়ে তোলার প্রচেষ্টা আমাদের অনেক স্মরণীয় সাফল্য এনে দিয়েছে। খেলোয়াড়দের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই এবং তার পরিবারের জন্য শুভকামনা রইল।'

আরো পড়ুন: